ফরাক্কায় ধসের জেরে স্তব্ধ উত্তরবঙ্গ! কবে থেকে ফের স্বাভাবিক হবে ট্রেন চলাচল?

নাগাড়ে ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা জংশন স্টেশনের ঢোকার মুখে কেবিনের কাছে আপ লাইনের নীচের মাটি ধসে যাওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার রাত থেকে শুরু হওয়া এই বিপর্যস্ত অবস্থার কারণে বৃহস্পতিবার থেকেই একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে শুক্রবারও উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাঝি জানান, বৃহস্পতিবার রাতে ধস নামায় মেরামতির কাজে খানিক বাধা সৃষ্টি হলেও বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ চলছে। শনিবারের মধ্যেই যাতে ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করে দেওয়া যায়, সেই লক্ষ্যেই জোর কদমে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সমস্ত ট্রেন বাতিল রাখার মূল উদ্দেশ্য হলো যাতে রেলের গোটা কর্মীবাহিনী সম্পূর্ণরূপে লাইন মেরামতের কাজে মনোযোগ দিতে পারে। তবে হঠাৎ করে এই প্রাকৃতিক দুর্যোগের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে রেলের তরফে সুনির্দিষ্ট কিছু ভাবা হয়নি বলে জানানো হয়েছে।
বাতিল ট্রেনের তালিকা: রেল সূত্রে জানানো হয়েছে, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং সরাইঘাট এক্সপ্রেসের মতো সমস্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও উত্তরবঙ্গ থেকে আগত ট্রেনগুলির পাশাপাশি শতাব্দী এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং বিভিন্ন ইন্টারসিটি এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।
এদিকে ট্রেনের আকস্মিক এই বাতিলের জেরে বিকল্প হিসেবে যাত্রীরা বাসের ওপর হুমড়ি খেয়ে পড়েছেন। ধর্মতলা বাস টার্মিনাসে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে কিছু স্পেশাল বাস চালানো হলেও শুক্রবার বাসের ঘাটতি দেখা দেওয়ায় বিপুল এই যাত্রীর চাপ সামাল দেওয়া নিয়ে কিছুটা হলেও সংশয়ে রয়েছেন বাস টার্মিনালের কর্মীরা। রেলের পক্ষ থেকে দ্রুত লাইন সংস্কার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।