ভেতর থেকে ভেসে এল মানুষের গলা! ৯ দিন পর নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে রোমহর্ষক উদ্ধার

নেপালে ভয়াবহ হড়পা বানের তাণ্ডবের দীর্ঘ নয় দিন পর এল এক স্বস্তির খবর। গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বিপর্যয়ের পর ২১৬ ঘণ্টা কেটে গেলেও আশা ছাড়েননি উদ্ধারকারীরা। শুক্রবার নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের কাদা ও ধ্বংসস্তূপে ঢাকা সুড়ঙ্গ থেকে অলৌকিকভাবে দুই কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া দুই ব্যক্তির নাম সঞ্জয় সাহ এবং কবির মহাজন। সঞ্জয় নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান এবং কবির ওই একই প্রকল্পের মেকানিক্যাল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে সুড়ঙ্গের ভেতর থেকে হঠাৎ মানুষের কণ্ঠস্বর শুনতে পান উদ্ধারকারীরা। এরপর নেপালি সেনা এবং সশস্ত্র পুলিশ বাহিনীর যৌথ দল দ্রুত কাদা-আবর্জনা সরিয়ে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে তাঁদের উদ্ধার করে। বিশেষজ্ঞদের ধারণা, সুড়ঙ্গের ভেতরে সীমিত পরিমাণে বাতাস ও জল অবশিষ্ট থাকায় তাঁরা এতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে পেরেছেন। উদ্ধারের পরই তাঁদের দু’জনকে এয়ারলিফট করে দ্রুত কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সঞ্জয় সাহকে ছাউনির বীরেন্দ্র আর্মি হাসপাতালে এবং কবির মহাজনকে ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসা চলছে।

রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সাংসদ তথা ওই প্রকল্পের প্রাক্তন ইঞ্জিনিয়ার শ্রীরাম নিউপানে সামাজিক মাধ্যমে এই উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে আটকে থাকা কর্মীদের সঙ্গে কথা বলতে সক্ষম হয়। ভেতর থেকে সাড়া পাওয়ার পরই উদ্ধারকাজ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সুড়ঙ্গের ভেতর থেকে আরও একাধিক মানুষের গলার আওয়াজ শোনা যাওয়ায় বাকিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অগাস্ট রাসুওয়া এলাকায় ভাটকোশী নদীর জলে সৃষ্ট আকস্মিক বন্যায় ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে গোটা নেপালজুড়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১২৯০ ছাড়িয়ে গেছে। তবে দীর্ঘ নয় দিন পর সুড়ঙ্গ থেকে এই দুই কর্মীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার ঘটনা একদিকে যেমন দেশের মানুষকে স্বস্তি দিয়েছে, তেমনই উদ্ধারকারীদের মনোবলও দারুণভাবে বাড়িয়ে দিয়েছে। বর্তমানে সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা বাকি শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সর্বশক্তি দিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে নেপালি সেনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *