মাত্র ১ লক্ষ টাকার বাজেটে ইলেকট্রিক স্কুটার! এক চার্জে ২৪৩ কিমি মাইলেজ, জানুন সিম্পল ওয়েভ-এর সমস্ত চমকপ্রদ ফিচার

সিম্পল এনার্জি বাজারে নিয়ে এল তাদের নতুন ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়েভ। কোম্পানি জানিয়েছে, এই স্কুটারটির দাম শুরু হচ্ছে ১,০৯,৯৯৯ টাকা থেকে। এটি একটি বিশেষ ইন্ট্রোডাক্টরি অফার। ইতিমধ্যেই স্কুটারটির বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চলতি মাসের ২৬ তারিখ অর্থাৎ ২৬ সেপ্টেম্বর, ২০২৬ থেকে এর ডেলিভারি শুরু হবে। ব্র্যান্ডটির অন্যান্য পারফরম্যান্স ভিত্তিক মডেলগুলির থেকে এই নতুন স্কুটারটি বেশ কিছুটা আলাদা। মূলত পরিবারের দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখেই ওয়েভ মডেলটি তৈরি করা হয়েছে। স্কুটারটিতে রয়েছে লম্বা সিট, ফ্ল্যাট ফুটবোর্ড এবং বিশাল স্টোরেজের মতো একাধিক উন্নতমানের ফিচার।

ব্যাটারি এবং রেঞ্জের দিক থেকেও গাড়িটি বেশ শক্তিশালী। নতুন সিম্পল ওয়েভ স্কুটারটি মোট চারটি ব্যাটারি অপশনে বাজারে পাওয়া যাবে। এর বেস মডেল ‘ওয়েভ এস’-এ রয়েছে ২.২ এবং ২.৭ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, যা যথাক্রমে ১১০ এবং ১৩২ কিলোমিটার পর্যন্ত আইডিসি রেঞ্জ দিতে সক্ষম। এর পরের মিড-রেঞ্জ ‘ওয়েভ’ মডেলে রাখা হয়েছে ৩.৭ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি, যা এক চার্জে ১৭১ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারে। অন্যদিকে, সিরিজের টপ মডেল ‘ওয়েভ প্লাস’-এ রয়েছে ৫ কিলোওয়াট আওয়ারের শক্তিশালী ব্যাটারি, যা একক চার্জে সর্বোচ্চ ২৪৩ কিলোমিটার পর্যন্ত আইডিসি রেঞ্জ অফার করবে।

পারফরম্যান্সের ক্ষেত্রেও এই স্কুটারটি হতাশ করবে না। কোম্পানির দাবি অনুযায়ী, এতে থাকা ৬.৪ কিলোওয়াটের মোটর স্কুটারটিকে সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ছোটাতে সক্ষম। শুধু তাই নয়, মাত্র ৩.৩ সেকেন্ডের মধ্যেই এটি ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। দৈনন্দিন যাতায়াত এবং ফ্যামিলি রাইডের জন্য স্কুটারটি বাজারের অন্যতম সেরা বিকল্প হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *