প্রোমো শুট করতেই গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! হাসপাতালের বিছানা থেকে কী বার্তা দিলেন অভিনেতা শন ব্যানার্জি?

‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) প্রোমো শুটিংয়ের সময় পায়ে ভয়ংকর চোট পেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জি। সেই গুরুতর চোটের কারণেই শেষ পর্যন্ত প্রথমসারিতে শো-এর ঘরে এন্ট্রি হয়নি তাঁর। জানা গিয়েছে, হাঁটুতে গুরুতর চোট লাগার ফলে অস্ত্রোপচার করাতে হয়েছে অভিনেতাকে। হাসপাতালের বেডে শুয়েই নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের সঙ্গে সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন শন।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছেন, তাঁর স্বাস্থ্য নিয়ে অনুরাগীদের উদ্বেগের জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ। হাঁটুতে চোট লাগার কারণে তাঁর কাজে সাময়িক বাধা এলেও অস্ত্রোপচার সফল হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছেন তিনি। প্রতিকূলতাকে তুচ্ছ করে ঘুরে দাঁড়ানোর মানসিকতার কথা উল্লেখ করে শন আশাবাদী যে, খুব শীঘ্রই তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং ভক্তদের প্রার্থনা তাঁকে দ্রুত সুস্থ করে তুলবে।
এদিকে শনের এই পোস্ট সামনে আসার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র জল্পনা। সবার মনেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—তাহলে কি শনকে আর ‘বিগ বস’-এর মূল ঘরে দেখা যাবে না? যদিও জল্পনা শোনা যাচ্ছে, সুস্থ হয়ে ওঠার পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এই রিয়েলিটি শো-তে দেখা যেতে পারে তাঁকে। শুধু শন একা নন, তাঁর সঙ্গে ওয়াইল্ড কার্ডে অভিনেতা জিতু কামালের নামও ঘোরাফেরা করছে।
অন্যদিকে, ‘বিগ বস বাংলা’র অন্দরে চলছে ধুন্ধুমার কাণ্ড। সাম্প্রতিক লাক্সারি বাজেট টাস্ক সফলভাবে শেষ করতে না পারার কারণে অর্ধেকের বেশি বাজেট কমে গিয়েছে ‘ডাগ আউট’ সদস্যদের। নিয়ম অনুযায়ী, ‘ডাগ আউট’-এর ভালো পারফর্ম করা দুই সদস্য দুর্নিবার সাহা ও সোহিনী পালকে মূল ঘরে আসার সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, টাস্কে তেমন সাহায্য না করার অভিযোগে মূল ঘরের মনামী ঘোষ ও অনিন্দ্য সেনগুপ্তকে ‘ডাগ আউট’-এ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রদবদলের পর শো-এর খেলায় কী নতুন মোড় আসে, এখন সেটাই দেখার।