মোদির জন্য আনা উপহার গলল পথেই! বেলজিয়ামের প্রধানমন্ত্রীর কাণ্ড দেখে হাসি থামছে না নেটপাড়ার

কূটনীতিতে উপহারের আদান-প্রদান নতুন কিছু নয়, তবে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর আনা একটি বিশেষ উপহার বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বেলজিয়ামের সবচেয়ে উৎকৃষ্ট মানের চকোলেট দিয়ে তৈরি ‘ইন্ডিয়া গেট’-এর একটি রেপ্লিকা এনেছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতে পৌঁছানোর আগেই গরমে বা অন্য কোনো কারণে সেই চকোলেটের স্থাপত্যটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক এবং যৌথ সাংবাদিক বৈঠকে এই মজার অথচ বিব্রতকর অভিজ্ঞতার কথা নিজেই ভাগ করে নেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। হাসিমুখেই তিনি বলেন, “চকোলেট কূটনীতির ক্ষেত্রে দারুণ, কিন্তু কূটনৈতিক সফরের জন্য একেবারেই নয়! আমরা পরিকল্পনা করেছিলাম ভারতের এই ঐতিহাসিক স্মারক উপহার দেব, কিন্তু তা ভারতে পৌঁছানো পর্যন্ত টেকেনি।” তবে তিনি আশ্বস্ত করে জানান, বেলজিয়ামে ইতিমধ্যেই একই রকম আরও একটি চকোলেটের স্থাপত্য তৈরি করা আছে, যা তিনি খুব শীঘ্রই প্রধানমন্ত্রী মোদির কাছে পাঠিয়ে দেবেন।
উল্লেখ্য, উপহার হিসেবে এই ‘ইন্ডিয়া গেট’-কে বেছে নেওয়ার পেছনেও ছিল এক গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রথম বিশ্বযুদ্ধে বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স ফিল্ডস-এ যে সমস্ত ভারতীয় বীর সেনা শহিদ হয়েছিলেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্মারকটিকে বেছে নেওয়া হয়েছিল। ভারতীয় সেনাদের এই সাহসিকতা ও বলিদানের কথা স্মরণ করে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, “হাজার হাজার মাইল দূর থেকে এসে ভারতীয় সেনারা আমাদের মাটিতে লড়েছিলেন, আমরা তা ভুলিনি। আজকের দিনে দাঁড়িয়ে শান্তির গুরুত্ব অপরিসীম।”
গত ২ সেপ্টেম্বর তিনদিনের ভারত সফরে এসেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। গত দুই দশকে এই প্রথম বেলজিয়ামের কোনো প্রধানমন্ত্রী ভারত সফরে এলেন। এই সফরে বাণিজ্য, প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।