গোবর-গোমূত্রেই বাজিমাত! কেমিক্যাল ছাড়তেই হিমাচলে আপেলের বাম্পার ফলন, পকেটে পুরছেন দ্বিগুণ টাকা

গোবর বা গোমূত্র নিয়ে রাজনৈতিক তর্কে দেশ উত্তাল হলেও, তার আসল সুফল হাতেনাতে মিলছে হিমাচল প্রদেশে। কেমিক্যাল সার কিংবা ক্ষতিকর কীটনাশকের মোহ ত্যাগ করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপেল চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন হিমাচলের চাষিরা। গোবর, গোমূত্র, বেসন এবং আখের গুড়ের তৈরি বিশেষ মিশ্রণ জমিকে করে তুলছে প্রাণবন্ত, যার জেরে ফলন বাড়ছে কয়েকগুণ।
হরিপুরের আপেল চাষি বিজয় গুপ্তা জানান, প্রচলিত রাসায়নিক সারের তুলনায় অনেক কম খরচে এই প্রাকৃতিক মিশ্রণ তৈরি করা সম্ভব। বিদেশ থেকে আনা উন্নত মানের গাছের চারা এবং এই অর্গানিক পদ্ধতির ফলে উৎপাদিত আপেলের গুণগত মান ও বাজারদর—দুটোই আকাশছোঁয়া। যেখানে সাধারণ আপেল ক্রেট প্রতি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়, সেখানে এই পদ্ধতিতে উৎপাদিত আপেল বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। এই পুরো প্রক্রিয়ায় চাষিদের সর্বাত্মক সহযোগিতা করছে কৃষি দফতর ও ‘আত্মা’ (ATMA) নামের সংস্থা।
কৃষি আধিকারিক বর্ষা গুপ্তা ও অর্জুন কুমার জানিয়েছেন, প্রাকৃতিক কৃষির সুফল পেতে জমির উর্বরতা বৃদ্ধিতে প্রথম ছয় মাস ‘জীবামৃত’ প্রয়োগ করতে হয়। শুধু আপেল নয়, এই পদ্ধতিতে ভুট্টা, বিট, বার্লি, হলুদ ও আদার ফলনও হচ্ছে দুর্দান্ত। পাহাড়ি অঞ্চলে কৃষকদের এই সাফল্যের জেরে এখন কেমিক্যাল-মুক্ত চাষবাসের দিকেই ঝুঁকছেন আপেল চাষিরা।