দার্জিলিংয়ে হুড়মুড়িয়ে ভাঙল হেরিটেজ লোকোশেডের ছাদ! রক্তাক্ত ৮ রেলকর্মী, স্থগিত বহু প্রতীক্ষিত উৎসব

দার্জিলিংয়ের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শিরোপাধারী দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) স্টেশন প্রাঙ্গণে এক মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল পাহাড়। বুধবার স্টেশনের লোকোশেডের ছাদ আচমকা ভেঙে পড়ে ঘটনাস্থলেই আটজন রেলকর্মী গুরুতর আহত হন। এই রক্তক্ষয়ী দুর্ঘটনার জেরে এবং উদ্ধারকাজে ব্যস্ত থাকায় আসন্ন ‘ডিএইচআর স্টেশন মহোৎসব’ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আহত কর্মীদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও একজন অস্থায়ী কর্মী ছাড়াও রয়েছেন রবি শর্মা, শঙ্কর সেনগুপ্ত, পবন কুমার সিং, বিশ্ব শর্মা, বিপুল শর্মা, বসন্ত কুমার ছেত্রী, কিশোর সুনাম এবং বিনোদ কুমার। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে প্রত্যেকেই আশঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল এবং হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের দেখতে যান কাটিহার ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কিড়েন্দ্র নরাহ। এই অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বহু প্রাচীন এই হেরিটেজ কাঠামোর এসি শিটযুক্ত ছাদের ওপর দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে জঞ্জাল ও ময়লা ফেলা হচ্ছিল। টানা বৃষ্টির কারণে সেই জঞ্জাল অতিরিক্ত ভারী হয়ে যাওয়ায় এই ধস নামে। তবে সৌভাগ্যবশত শেডের ভেতরের কোনো ইঞ্জিন বা লোকোমোটিভের ক্ষতি হয়নি। হেরিটেজ কাঠামোর সংস্কার ও সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।
এই দুর্ঘটনার জেরে পর্যটন ও নিয়মিত রেল পরিষেবাতেও বড়সড় প্রভাব পড়েছে। দ্রুত শেড পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করতে পাহাড়ে টয়ট্রেনের ৯টি জয়রাইডের মধ্যে ৫টি জয়রাইড আগামী দুদিনের জন্য বাতিল করা হয়েছে। বাকি চারটি জয়রাইড পরিষেবা চালু রাখা হয়েছে। সমস্ত ডিজেল চালিত ট্রেন পরিষেবা স্বাভাবিক হলেও আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বাষ্পীয় ইঞ্জিন চালিত পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে ডিএইচআর সূত্রে খবর।
অন্যদিকে, ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, এই দুর্ঘটনার কারণে আগামী সপ্তাহে প্রস্তাবিত ‘ডিএইচআর স্টেশন মহোৎসব’ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। উৎসবের নতুন দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা করা হবে। তবে নির্ধারিত সূচি মেনেই আগামী ৫ সেপ্টেম্বর কার্শিয়াং রেলওয়ে স্টেশনে সকাল ৯টায় ‘কোড ফর কমিউনিটিজ – টয়ট্রেন সংস্করণ’ অনুষ্ঠিত হবে।