এক চ্যাটেই কেল্লাফতে! এবার WhatsApp থেকেই মিটবে ইলেকট্রিক বিল থেকে লোনের কিস্তি, এল দুর্দান্ত ফিচার

চ্যাটিং কিংবা ছবি পাঠানো তো বহু হলো, এবার পকেট থেকে টাকা খরচের হিসাব রাখাও হাতের মুঠোয় নিয়ে এল জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে বিল পেমেন্ট সার্ভিস চালু করল এই মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্ম। ‘ভারত কানেক্ট’ (BBPS) নেটওয়ার্কের সঙ্গে গাঁটছড়া বেঁধে আনা এই নতুন ফিচারের সাহায্যে এবার থেকে চ্যাট উইন্ডোতেই সারা যাবে যাবতীয় ইউটিলিটি বিল ও ঋণের পেমেন্ট।
মেটা ইন্ডিয়ার প্রধান এবং ম্যানেজিং ডিরেক্টর অরুণ শ্রীনিবাসের মতে, দৈনন্দিন যোগাযোগ থেকে শুরু করে মেট্রো টিকিট বুকিং বা নাগরিক পরিষেবা— এখন সবকিছুর জন্যই ভারতীয়দের ভরসা হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের সংযোজনে ব্যবহারকারীদের আর আলাদা করে থার্ড-পার্টি পেমেন্ট অ্যাপ ব্যবহারের ঝামেলায় পড়তে হবে না।
কীভাবে কাজ করবে এই ফিচার?
-
সহজ পদ্ধতি: WhatsApp-এর হোম স্ক্রিনেই দেখতে পাবেন একটি রুপি (₹) চিহ্ন। সেখানে ক্লিক করলেই পপ-আপ উইন্ডোর মাধ্যমে পেমেন্টের অপশন চলে আসবে।
-
৩০টি ক্যাটাগরি: বিদ্যুৎ, জল, গ্যাস, ফাস্ট্যাগ, ইন্সুরেন্স থেকে শুরু করে ক্রেডিট কার্ড বিল ও লোনের কিস্তি— মোট ৩০টি ভিন্ন ক্যাটাগরির পেমেন্ট করা যাবে এক ক্লিকেই।
-
ম্যানেজমেন্ট ও হিস্ট্রি: শুধু বিল মেটানোই নয়, অতীতের সমস্ত পেমেন্টের ইতিহাস এবং আগামীতে কোন বিলের কী শেষ তারিখ, তার একটি নিখুঁত তালিকাও দেখা যাবে এই সেকশনে।
অ্যান্ড্রয়েড ও আইওএস— উভয় অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরাই আগামী সপ্তাহ থেকে এই পরিষেবার সুবিধা পেতে শুরু করবেন। বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেট ডিজিটাল পেমেন্ট বাজারে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও অনেকটাই সহজ করে তুলবে।