প্রথম সেটে হোঁচট খেয়েও অবিশ্বাস্য কামব্যাক আলকারাজের! ইউএস ওপেনে আর কোন কোন তারকার ঝড়ে কাঁপল কোর্ট?

টুর্নামেন্টের শুরুটা হয়েছিল কিছুটা নড়বড়ে মেজাজে। প্রথম সেট হাতছাড়া করে রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু তারপরেই চেনা ছন্দে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ইউএস ওপেন (US Open 2026)-এর তৃতীয় রাউন্ডে পাকা করলেন কার্লোস আলকারাজ। অন্যদিকে, বিপক্ষকে একপ্রকার উড়িয়ে দিয়ে অনায়েসেই পরের রাউন্ডে পৌঁছে গেছেন মহিলাদের সিঙ্গলসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাও।
আলকারাজের দুরন্ত কামব্যাক:
পর্তুগালের জেইম ফারিয়ার বিরুদ্ধে খেলতে নেমে প্রথম সেটে বেশ ব্যাকফুটে চলে গিয়েছিলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। কিন্তু বিশ্বের দু’নম্বর তারকা দ্রুত নিজেকে গুছিয়ে নেন এবং শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেন ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ গেমে। টুর্নামেন্টের প্রথম নাইট সেশনে নেমে আলকারাজ জানান, রাতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ধৈর্য ধরাটাই ছিল জয়ের চাবিকাঠি। ফারিয়ার ১৪০ মাইল গতির সার্ভের সামনে মাথা ঠান্ডা রেখে ড্রপ শট ও লবের দারুণ কম্বিনেশনে খেলায় ফেরেন তিনি। কবজির চোট সারিয়ে পাঁচ মাস পর কোর্টে ফিরে টানা দুই ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছেন আলকারাজ। তৃতীয় রাউন্ডে তাঁর পরবর্তী প্রতিপক্ষ চিনের উ ইয়িবিং।
সাবালেঙ্কার একচেটিয়া দাপট:
মহিলাদের সিঙ্গলসে নিজেদের আধিপত্য বজায় রেখেছেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalnka)। আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাশিয়ার পোলিনা ইয়াতসেনকোকে মাত্র ৪৮ মিনিটের ঝড়ে উড়িয়ে দেন তিনি। স্কোরলাইন ছিল ৬-১, ৬-১। এই নিয়ে ইউএস ওপেনে টানা ১৬টি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন বেলারুশ তারকা। চলতি টুর্নামেন্টে শিরোপা জিতলে সেরেনা উইলিয়ামস এবং ক্রিস এভার্টের মতো কিংবদন্তিদের বিশেষ ক্লাবে নাম লেখাবেন তিনি।
চিচিপাস ও নাভোনের চমক:
দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর অবশেষে ইউএস ওপেনের (Grand Slam) তৃতীয় রাউন্ডের টিকিট পেলেন গ্রিক তারকা স্তেফানো চিচিপাস (Stefanos Tsitsipas)। লয়েড হ্যারিসের বিরুদ্ধে প্রথম সেট হেরেও দুর্দান্ত লড়াই করে ম্যাচ নিজের নামে করেন তিনি। তিন ঘণ্টা ২৭ মিনিটের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৫টি এস এবং ৫৭টি উইনার মেরে পরবর্তী রাউন্ডে জায়গা পাকা করেন চিচিপাস। পরবর্তী ম্যাচে তাঁর প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের জিরি লেহেকা।
এদিকে, আগের রাউন্ডেই নোভাক জকোভিচকে ছিটকে দিয়ে সবচেয়ে বড় চমক দেওয়া মারিয়ানো নাভোন এবার বিদায় করলেন প্রাক্তন উইম্বলডন ফাইনালিস্ট মাত্তেও বেরেত্তিনিকেও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-৬, ৬-৩, ৬-৪, ৭-৬(৪) সেটে ম্যাচ জিতে কেরিয়ারে এই প্রথমবার হার্ড-কোর্ট গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন এই আর্জেন্তিনীয় তারকা। অন্যদিকে, মার্কিন তারকা ফ্রান্সেস টিয়াফো জাপানের রেই সাকামোতোকে হারিয়ে নিজের বিজয়রথ অব্যাহত রেখেছেন।