“বায়ুসেনা থেকে অবসর অভিনন্দন বর্তমানের!”-বীর পাইলট এখন কী করছেন জানেন?

ভারতীয় বায়ুসেনা থেকে আগাম অবসর নিলেন দেশের অন্যতম বীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। দীর্ঘ ২২ বছরের সফল কেরিয়ারে দাড়ি টেনে তিনি এবার গোয়ার একটি বেসরকারি বিমান সংস্থায় কমার্সিয়াল পাইলট হিসেবে নতুন পেশাগত জীবন শুরু করেছেন বলে বিভিন্ন সূত্রের খবর। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনন্দন বর্তমান নিজে কিংবা সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বা প্রকাশ্য বিবৃতি জারি করা হয়নি।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার জবাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটিতে নিখুঁত বিমান হানা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ঠিক তার পরের দিনই ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে হামলার চেষ্টা চালায় পাক বায়ুসেনার এফ-১৬ যুদ্ধবিমান। সেই আক্রমণ প্রতিহত করতে তৎপর ছিল ভারতীয় বিমান বাহিনীও।

শত্রু বিমানকে ধাওয়া করতে করতে পাক অধিকৃত কাশ্মীরের ৭-৮ কিলোমিটার গভীরে ঢুকে পড়েছিলেন তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ওড়ানো মিগ-২১ বাইসন যুদ্ধবিমানটি। সেখানে পাক বিমানের ছোঁড়া গুলিতে তাঁর বিমানটি ক্ষতিগ্রস্ত হলে তিনি বাধ্য হয়ে প্যারাস্যুটের সাহায্যে ইজেক্ট করেন এবং দুর্ভাগ্যবশত পাকিস্তানি সেনার হাতে বন্দি হন।

শত্রু শিবিরের বন্দিদশায় থেকেও অভিনন্দন যে মানসিক দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তাতে গোটা দেশ তাঁর কুর্নিশ করেছিল। পাকিস্তানি সেনার প্রকাশিত ভিডিওয় দেখা গিয়েছিল, চরম চাপের মুখেও তিনি দেশের কোনো গোপনীয় বা সংবেদনশীল তথ্য শত্রুর হাতে তুলে দেননি। আন্তর্জাতিক চাপ এবং প্রবল কূটনীতির মুখে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে অভিনন্দন বর্তমানকে অক্ষত অবস্থায় ভারতের হাতে ফিরিয়ে দিতে হয়েছিল। এই অসামান্য সাহসিকতার জন্য তাঁকে পরবর্তীকালে দেশের অন্যতম বীরত্বসূচক সম্মান ‘বীর চক্র’ প্রদান করা হয়। বায়ুসেনার পরবর্তী তদন্তেও স্পষ্ট হয়েছিল যে, নিজের বিমানটি ভেঙে পড়ার ঠিক আগেই তিনি পাকিস্তানের একটি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে ধ্বংস করেছিলেন। বায়ুসেনার সেই ঐতিহাসিক অধ্যায়ের নায়ক এবার সম্পূর্ণ নতুন এক ভূমিকায় অবতীর্ণ হলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *