“প্রতি ম্যাচে মানা হবে এই নিয়ম…”-মেসিকে সম্মান জানাতে অভিনব শ্রদ্ধা আর্জেন্তিনার

আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না সেই চেনা ম্যাজিক। দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনে গত সোমবার ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন লিওনেল মেসি। তাঁর এই হঠাৎ অবসরে নীল-সাদা শিবিরের ভবিষ্যৎ নিয়ে যখন তুমুল চর্চা চলছে, ঠিক তখনই দেশের এই মহানায়ককে বিশেষ সম্মান জানানোর ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। পুরুষ ও মহিলা— উভয় বিভাগের পরবর্তী সমস্ত ম্যাচেই মেসিকে শ্রদ্ধা জানাতে এক নজিরবিহীন পরিকল্পনা নেওয়া হয়েছে।

ম্যাচের মাঝে ১০ মিনিটের বিশেষ সম্মান

AFA-র ঘোষণা অনুযায়ী, দেশের মাটিতে আয়োজিত পরবর্তী ম্যাচডে-র সমস্ত ডিভিশন এবং ডিসিপ্লিনের (১১-এ-সাইড, ফুটসল ও বিচ সকার) ম্যাচেই এই নিয়ম কার্যকর করা হবে। পুরুষ ও মহিলাদের সব ম্যাচের প্রথমার্ধে ঠিক ১০ মিনিট খেলা চলার পর তা সাময়িক সময়ের জন্য থামিয়ে দেওয়া হবে। সেই সময় এক মিনিট ধরে একটানা হাততালি দিয়ে জাতীয় দলের হয়ে মেসির অসামান্য অবদান ও সোনালী কেরিয়ারকে স্যালুট জানাবেন স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও খেলোয়াড়রা।

AFA-র তরফে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, আর্জেন্টিনার জার্সিতে মেসির ঐতিহাসিক অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই এই সিদ্ধান্ত। মাঠের স্ক্রিনে ম্যাচ শুরুর আগে দেখানো হবে প্রায় দুই মিনিটের একটি বিশেষ বিদায়ী ভিডিয়ো, যেখানে ফুটে উঠবে দেশের হয়ে তাঁর রূপকথার নানা মুহূর্ত।

এদিকে মেসির অবসরে কেবল সতীর্থ বা ভক্তরাই নন, শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহলও। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই সিদ্ধান্তকে দেশের জন্য একটি “বিশাল ক্ষতি” হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, অপ্রত্যাশিত হলেও মেসি তাঁদের বহু মায়াবী মুহূর্ত উপহার দিয়েছেন। বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের এই বিদায়ে এখন গোটা আর্জেন্তিনাজুড়ে চলছে নস্ট্যালজিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *