পুরুষ মশারা কিচ্ছু করে না, যত দোষ সব স্ত্রীর! কেন শুধু মহিলারালেই রক্ত চুষে খায় জানেন?

ঘরে মশার উপদ্রব শুরু হলেই আতঙ্কে হাত-পা ছুড়তে শুরু করি আমরা। রাতে কানের কাছে মশার একটানা ভনভন আওয়াজ মানেই চোখের ঘুম চিরতরে উধাও। তার ওপর আবার ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগের ভয় তো রয়েছেই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার ঘরের কোণে বা বাগানে উড়ে বেড়ানো সমস্ত মশা কি সত্যিই আপনাকে কামড়ায়? শুনতে অবাক লাগলেও বিজ্ঞান বলছে, মশার দুনিয়ায় সকলের রক্তের ওপর বিন্দুমাত্র লোভ নেই। বরং এক বিশেষ দলই মানুষের শরীর থেকে রক্ত টেনে নেয়।

রক্ত খায় কে— পুরুষ নাকি স্ত্রী মশা?
বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, পুরুষ মশা কিন্তু স্বভাবগতভাবে অত্যন্ত শান্ত এবং তারা কখনোই মানুষকে কামড়ায় না। পুরুষ মশার মূল খাদ্য হলো গাছের রস এবং ফুলের মধু। তাহলে রক্ত চোষার এই ভয়ংকর কাজটি করে কে? উত্তর হলো— একমাত্র স্ত্রী মশা।

কেন রক্ত চোষে স্ত্রী মশা?
মানুষের রক্তের প্রতি কোনো অন্ধ ভালোলাসা বা লোভ থেকে স্ত্রী মশারা কামড়ায় না, এর পিছনে রয়েছে এক অদ্ভুত জৈবিক বাধ্যবাধকতা। স্ত্রী মশাদের ডিম পাড়তে হয় এবং সেই ডিমগুলোকে সঠিকভাবে পুষ্ট ও বড় করে তোলার জন্য প্রচুর পরিমাণে প্রোটিন ও আয়রনের প্রয়োজন হয়। প্রকৃতিগতভাবে এই প্রয়োজনীয় পুষ্টি উপাদান তারা ফুলের রসে পায় না। একমাত্র মানুষ বা অন্যান্য পশুর রক্তেই এই উপাদানগুলি পর্যাপ্ত পরিমাণে থাকে। অর্থাৎ, পেট ভরানোর জন্য নয়, বরং নিজের বংশধারা বজায় রাখতে বাধ্য হয়েই স্ত্রী মশা আমাদের রক্ত পান করে।

কোন মশা কী রোগ ছড়ায়?
সব প্রজাতির স্ত্রী মশাও আবার সমান নয়। বিভিন্ন প্রজাতির মশার পছন্দ ও কাজের ধরণ আলাদা:

এডিস মশা: এরা মূলত দিনের আলোয় বেশি সক্রিয় থাকে এবং ডেঙ্গুর জীবাণু ছড়ায়। মানুষের রক্ত খাওয়ার প্রতি এদের আকর্ষণ সবচেয়ে বেশি।

কিউলেক্স মশা: এরা সাধারণত রাতে উড়ে এসে কামড়ায় এবং পাখি বা অন্যান্য পশুর রক্ত বেশি পছন্দ করে।

অ্যানোফিলিস মশা: এই মশা মূলত ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় এবং এরাও রাতেরবেলাতেই শিকার খোঁজে।

আমাদের শরীরের নিজস্ব গন্ধ, নিঃশ্বাসের সঙ্গে ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড এবং শরীরের তাপমাত্রা মেপেই মশা বুঝতে পারে ধারেকাছে কোনো মানুষ রয়েছে কি না। আর সুযোগ বুঝেই তারা চামড়ায় হুল ফুটিয়ে দেয়।

তাই পরের বার গায়ে মশার কামড় বসলে নিশ্চিতভাবে ধরে নেবেন, আপনাকে আক্রমণ করেছে একটি স্ত্রী মশা। কারণ পুরুষ মশা তো দিব্যি গাছের ফুলে মুখ গুঁজে মিষ্টি রস খেয়ে শান্তিতে দিন কাটাচ্ছে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *