SIR-লিস্ট থেকে নাম বাদ, ভোটার তালিকা থেকে নাম কাটা যেতেই বিস্ফোরক রাঘব চাড্ডা

খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে ফের চরম রাজনৈতিক সংঘাতে জড়াল আম আদমি পার্টি (AAP) এবং বিজেপি। পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় প্রাক্তন আপ নেতা তথা বর্তমান বিজেপি সাংসদ রাঘব চাড্ডার নামের পাশে ‘স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন’ বা ‘permanently shifted’ বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে নিছক কোনো প্রশাসনিক বা করণিক ভুল মানতে নারাজ রাঘব চাড্ডা। তাঁর সরাসরি অভিযোগ, এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা।
পাঞ্জাবের মোহালিতে নিজের ভোটার নথিভুক্ত থাকার কথা উল্লেখ করে রাঘব প্রশ্ন তুলেছেন, তিনি পাঞ্জাবেরই সাংসদ হওয়া সত্ত্বেও কী করে তাঁকে তালিকা থেকে ‘স্থানান্তরিত’ হিসেবে চিহ্নিত করা হলো? নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জনপ্রতিনিধিদের নাম বহাল রাখার নিয়ম থাকলেও তা সচেতনভাবে লঙ্ঘন করা হয়েছে বলে দাবি তাঁর। ২০২৬ সালের এপ্রিল মাসে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দুই শিবিরের মধ্যে চলা টানাপড়েনের প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে আগুনে ঘি ঢেলেছে।
এক ধাক্কায় বাদ ২০.৬৬ লক্ষ নাম
নির্বাচন কমিশনের চলতি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার জেরে পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে মোট ২০.৬৬ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ৯.৭ শতাংশ। অনুপস্থিত, মৃত বা একই ব্যক্তির একাধিক নাম থাকার পাশাপাশি ‘shifted’ বা স্থানান্তরিত ক্যাটাগরিতে রাঘব চাড্ডার নাম চলে আসাতেই বর্তমানে বিতর্ক চরমে উঠেছে। ভুল সংশোধন বা এর দায় কার, সেই প্রশ্ন তুলছেন তিনি।
এদিকে রাঘব চাড্ডার এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তাঁর প্রাক্তন দল আম আদমি পার্টি। আপ নেতৃত্বের পালটা দাবি, ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত। এর সঙ্গে পাঞ্জাব সরকারের দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই। রাঘব চাড্ডা বর্তমানে দিল্লিতে বসবাস করায় তাঁর ভোটার সংক্রান্ত তথ্য আপডেট করার দায় একান্তই তাঁর নিজের। ফলে একে রাজনৈতিক ষড়যন্ত্রের তকমা দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন।
তবে নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত এই তালিকাটি কেবলই একটি ‘খসড়া তালিকা’। অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশের আগে নাম সংশোধনের পূর্ণ সুযোগ রয়েছে। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা নির্দিষ্ট নিয়মে আবেদন জানিয়ে নিজেদের নাম আবারও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন। রাঘব চাড্ডাও জানিয়েছেন, তিনি নিয়ম মেনে নিজের নাম তালিকায় ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।