আইসক্রিম খেলেই কি মাথায় তীব্র যন্ত্রণা বা কারেন্টের শকের মতো অনুভূতি হয়? এর নেপথ্যে রয়েছে কোন ভয়ের কারণ?

ফ্রিজ থেকে ঠাণ্ডা আইসক্রিমটা বার করেই মুখে চালান দিলেন। কনকনে ঠান্ডায় দাঁত শিরশির করা তো অত্যন্ত সাধারণ ঘটনা, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই এমন পরিস্থিতিতে হঠাৎ করেই মাথা ধরে যায়! মনে হয় যেন মাথায় আচমকা একটা কারেন্টের শক্ লেগেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অদ্ভুত ঘটনার একটি কঠিন নাম রয়েছে—‘স্পেনোপ্যালাটাইন গ্যাংলিওনিউরালজিয়া’ (Sphenopalatine Ganglioneuralgia)। তবে চলতি কথায় চিকিৎসকরা এটিকে ‘ব্রেইন ফ্রিজ’ (Brain Freeze) বা ‘আইসক্রিম হেডেক’ (Ice Cream Headache) বলে থাকেন।
বিষয়টি ঠিক কী এবং কেন এমন পরিস্থিতি তৈরি হয়?
বিশেষজ্ঞদের মতে, যখন কোনো অত্যন্ত ঠান্ডা খাবার বা পানীয় খুব দ্রুত আমাদের মুখের তালু (Upalate) বা গলার পেছনের অংশে স্পর্শ করে, তখন সেখানকার রক্তনালীগুলো হঠাৎ করে ভীষণভাবে সংকুচিত হয়ে যায়। এর ঠিক পরপরই শরীর ওই অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিক করার জন্য দ্রুত রক্তপ্রবাহ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যার ফলে রক্তনালীগুলো আবার দ্রুত প্রসারিত হতে শুরু করে।
এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে ‘ত্রিজেমিনাল নার্ভ’ (Trigeminal Nerve)। আমাদের মুখ, তালু ও মাথার সামনের অংশের স্নায়ু সংযোগের মূল দায়িত্বে থাকে এই স্নায়ু। যখনই আপনি কোনো ঠান্ডা জিনিস খান এবং তা তালুতে গিয়ে লাগে, তখন ট্রাইজেমিনাল নার্ভের ম্যাক্সিলারি সিএনভি২ (CN V2) অংশটি মুখের এই হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়াটা ধরতে পেরে প্যানিক করে বসে।
ঠান্ডায় প্রথমে রক্তনালী দ্রুত সংকুচিত হয় এবং পরক্ষণেই শরীর সেখানে দ্রুত গরম রক্ত পাঠানোর জন্য রক্তনালীগুলিকে বড় করে দেয়। এই ব্যথার সিগন্যালটাই ট্রাইজেমিনাল নার্ভ অত্যন্ত দ্রুত মস্তিষ্কে পাঠায়। কিন্তু মস্তিষ্ক সিগন্যালের আসল উৎসটি বুঝতে না পেরে গোটা মাথা জুড়েই সেই তীব্র ব্যথা ছড়িয়ে দেয়। আর ঠিক এ কারণেই মাথা ধরে যাওয়ার মতো অস্বস্তিকর অনুভূতি হয়।
‘ব্রেইন ফ্রিজ’ থেকে দ্রুত মুক্তি পাওয়ার সহজ উপায়
আইসক্রিম বা ঠান্ডা খাবার খাওয়ার সময় হঠাৎ এমন সমস্যায় পড়লে ঘরোয়া কিছু উপায়ে দ্রুত স্বস্তি মিলতে পারে:
জিভ তালুতে চেপে ধরুন: মুখের জিভটিকে চ্যাপ্টা করে তালুর ওপর শক্ত করে চেপে রাখুন। জিভের প্রাকৃতিক উষ্ণতায় তালুর তাপমাত্রা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
উষ্ণ জল পান করুন: সামান্য সাধারণ বা কুসুম গরম জল পান করলেও মুখের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসে।
হাত দিয়ে মুখ ঢেকে শ্বাস নিন: হাতের তালু দিয়ে মুখ ও নাক ভালো করে ঢেকে গরম শ্বাস ভেতরে টানলে মুখের ভেতরের ঠান্ডা ভাব দ্রুত কেটে যায়।