বালুরঘাটবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান! এক বছরের মধ্যে বিমান চালুর কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য এক বিরাট ও খুশির খবর। খুব শীঘ্রই বিমান মানচিত্রে পাকাপাকিভাবে জায়গা করে নিতে চলেছে বালুরঘাট। আগামী এক বছরের মধ্যেই বালুরঘাট বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালুর জোরালো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই প্রক্রিয়া দ্রুত কার্যকর করতে অবিলম্বে জমি অধিগ্রহণের নির্দেশও দিয়ে গেছেন তিনি। গত বুধবার সন্ধ্যায় বালুরঘাট বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, পুলিশ সুপার অভিষেক গুপ্তা সহ এভিয়েশন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে বিমানবন্দরের যে পরিকাঠামো রয়েছে, তা দিয়ে আপাতত ১৯ সিটের বিমান চালানো সম্ভব। তবে এর পাশাপাশি আরও ১৫০ একর জমি অধিগ্রহণ করা সম্ভব হলে ভবিষ্যতে সেখান থেকে ৭২ সিটের বড় বিমানও চলাচল করতে পারবে। এই লক্ষ্যেই দুই বছরের মধ্যে অতিরিক্ত জমি সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং রাজ্য সরকার নিজেই জমি কিনবে বলে জানান তিনি। লাইসেন্স ও বিমান সংস্থাগুলির সঙ্গে কথা বলে সর্বাধিক এক বছরের মধ্যে পরিষেবা চালুর সর্বাত্মক চেষ্টা চলছে। এ প্রসঙ্গে পূর্ববর্তী সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকার ইচ্ছা করেই এই বিমানবন্দর চালু হতে দেয়নি। তবে বর্তমান সরকার সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। বিমানবন্দর চালুর পাশাপাশি এদিনের একাধিক কর্মসূচিতে বালুরঘাটের সার্বিক উন্নয়ন নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মহালয়ায় রাজ্যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন প্রসঙ্গে তিনি জানান, বড় অনুষ্ঠান হবে এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রিত থাকবেন। এ ছাড়াও বালুরঘাট বিশ্ববিদ্যালয় গড়ার জন্য প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ের কথা ঘোষণা করে সাংসদ তহবিল ও রাজ্য সরকারের যৌথ সহযোগিতার কথা বলেন। পাশাপাশি সাধারণ মানুষের জন্য আবাস যোজনা, বাড়ি বাড়ি পানীয় জল এবং অন্নপূর্ণা যোজনার সুবিধার কথা তুলে ধরার পাশাপাশি বালির অবৈধ ঘাটগুলিকে নিয়মিত (রেগুলারাইজ) করার কড়া নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ সুলভ মূল্যে বালি পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *