বিশ্বের সর্বোচ্চ হাইওয়ে সুড়ঙ্গ! ১৫ হাজার ফুট উঁচুতে তৈরি এই টানেল খুললেই চোখের পলকে পৌঁছে যাবেন লাদাখ

মানালি থেকে লাদাখ (লে) যাওয়ার পথ আরও সুগম ও নিরাপদ করতে চলেছে ভারত। বর্ডার রোড অর্গানাইজেশনের (BRO) হাত ধরে এবার উদ্বোধনের মুখে মানালি-লে যাওয়ার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প রুট—নিম্বু-পদুম-দারচা (NPD) রোড। প্রায় ২৯৮ কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত রাস্তাটি ভারত-চিন সীমান্তের অত্যন্ত কাছ দিয়ে তৈরি করা হয়েছে, যা লাদাখকে সরাসরি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করবে।

বিশ্বের সর্বোচ্চ হাইওয়ে টানেল ও কৌশলগত গুরুত্ব: এই পুরো প্রকল্পের অন্যতম বড় আকর্ষণ হলো শিংকু লা সুড়ঙ্গ (Shinku La Tunnel)। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫,৮০০ ফুট উচ্চতায় ৪.১ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি বিশ্বের সর্বোচ্চ হাইওয়ে সুড়ঙ্গপথ হতে চলেছে। বিআরও-এর ‘প্রজেক্ট জোজক’-এর চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চাহাত শর্মা জানিয়েছেন, অটল টানেলের মতোই এখানে ভেন্টিলেশন, ফায়ার প্রোটেক্ট, সিসিটিভি এবং ইমার্জেন্সি এক্সিটের মতো সমস্ত আধুনিক ব্যবস্থা থাকছে। ২০২৮-২০২৯ সালের মধ্যে টানেলের কাজ পুরোপুরি শেষ হলে বছরের ১২ মাসই যেকোনো আবহাওয়ায় এই রাস্তা সচল থাকবে।

সেনাবাহিনী ও সাধারণ মানুষের লাভ: সাধারণত শীতকালে বরফের চাদরে ঢাকা পড়ে যাওয়ার কারণে মানালি থেকে লে যাওয়ার মূল রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু এই নতুন এনপিডি রোড ও শিংকু লা টানেল চালু হলে মানালি থেকে কার্গিলের দূরত্ব একলাফে ৫২২ কিলোমিটার কমে যাবে। সবচেয়ে বড় কথা, এই রাস্তাটি চিন বা পাকিস্তান—কারও সেনার সরাসরি নজরে বা সীমানার মধ্যে পড়ছে না। ফলে ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত দ্রুত ও নিরাপদে সীমান্তে অস্ত্রশস্ত্র, সামরিক গাড়ি ও রসদ আনা-নেওয়া করতে পারবে। দেশের সুরক্ষায় এবং পর্যটকদের যাতায়াতে এটি এক ঐতিহাসিক মাইলফলক হতে চলেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *