হিমালয়ে প্রলয়! নেপালের বিধ্বংসী বন্যায় ৪০০০ মানুষ নিখোঁজ, বিশ্বকে চরম হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাবে বিপর্যস্ত হিমালয় অঞ্চল। নেপালের সংসদে দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছেন যে, ২৬ আগস্ট ভোটেকোশী নদীর বিধ্বংসী বন্যায় এখনও পর্যন্ত প্রায় ৪,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। এই বিপর্যয়কে নিছক কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং গোটা বিশ্বের জন্য এক চরম সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মহলকে একযোগে দায়িত্ব নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী।
ভয়াবহ বিপর্যয়ের চিত্র ও উদ্ধারকাজ: গত ২৬ আগস্ট সকালে রাসুয়া জেলার নদী তীরবর্তী জনবসতিতে আচমকাই আঘাত হানে এই প্রলয়ংকরী বন্যা। যার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে নুওয়াকোট ও ধাডিং অঞ্চলেও। হিমালয়ের উঁচু চূড়া থেকে বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার ফলেই এই মারাত্মক বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সংসদে পেশ করা সরকারি তথ্য অনুযায়ী:
-
উদ্ধার করা হয়েছে মোট ১১,৯৯৩ জনকে।
-
এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ৩,৯১৬ জনের।
-
উদ্ধার হয়েছে ১,১১৪টি মৃতদেহ, যার মধ্যে ৯৫ জনের পরিচয় শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
-
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের একটি বড় অংশকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিপর্যয়ের প্রথম মুহূর্ত থেকেই নেপাল সেনা, পুলিশ এবং সশস্ত্র বাহিনীর ১৩, হাজারেরও বেশি জওয়ান উদ্ধারকাজে নেমে পড়েন। দুর্গত এলাকা থেকে গর্ভবতী মহিলা, শিশু ও বয়স্কদের হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নুওয়াকোটের ১৯টি শিবিরে বর্তমানে আশ্রয় নিয়েছেন প্রায় ২,৬৫৩ জন মানুষ।
অর্থনৈতিক ও পরিকাঠামোর ব্যাপক ক্ষতি: এই আকস্মিক বন্যায় নেপালের যোগাযোগ ও বিদ্যুৎ পরিকাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চালু এবং নির্মাণাধীন মিলিয়ে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। বহু গুরুত্বপূর্ণ রাস্তা, হাইওয়ে, মোটর চলার সেতু এবং সাসপেনশন ব্রিজ জলের তোড়ে ভেসে গেছে। পরিস্থিতি সামাল দিতে ১৫টি স্থানীয় এলাকাকে তিন মাসের জন্য ‘বিপর্যয় সংকট-পীড়িত অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
ভারত, চীন, জাপান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তরফে ত্রাণ সহায়তা এলেও, নেপালের প্রধানমন্ত্রীর এই কড়া বার্তা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন রোধে নতুন করে ভাবনাচিন্তা শুরু করার তাগিদ তৈরি করেছে।