একটি দাঁত তোলার খরচ ২.৩৭ লাখ টাকা! আমেরিকা প্রবাসীর এই বিল দেখলে আঁতকে উঠবেন!

আমেরিকায় চিকিৎসা পরিষেবা যে কতটা ব্যয়বহুল, তার এক জলজ্যান্ত উদাহরণ ফের একবার সামনে এল। গত ১৫ বছর ধরে মার্কিন মুলুকে বসবাসকারী নীতিন মালহোত্রা নামক এক প্রবাসী ভারতীয় (NRI) যখন তাঁর একটিমাত্র দাঁত তোলার জন্য আড়াই হাজার ডলার অর্থাৎ প্রায় ২ লক্ষ ৩৭ হাজার টাকার বিল হাতে পেলেন, তখন তাঁর চোখ কপালে ওঠার জোগাড় হয়। ডেন্টাল ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও পকেট থেকে এত বড় অঙ্কের টাকা গুনতে হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয়েছে জোর বিতর্ক।

এক্স-রে-তেই ১৭ হাজার টাকার ধাক্কা!

ইনস্টাগ্রামে @desidadinamerica অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই ভাইরাল ভিডিওতে নীতিন জানিয়েছেন, সামান্য দাঁতের ব্যথায় ডেন্টিসের কাছে যাওয়ার পর শুধুমাত্র এক্স-রে বাবদই তাঁর কাছ থেকে ১৮০ ডলার (প্রায় ১৭,০০০ টাকা) খসানো হয়েছে। বীমা কোম্পানির নানা কড়াকড়ি ও দাবির পরেও শেষ পর্যন্ত তাঁকে নিজের পকেট থেকেই আড়াই হাজার ডলার পরিশোধ করতে বলা হয়। অথচ ভারত বা এশিয়ার দেশগুলিতে রুট ক্যানেল, দাঁত পরিষ্কার বা এক্সট্রাকশনের মতো জটিল চিকিৎসা মাত্র ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যেই অনায়াসে হয়ে যায়।

‘আমেরিকার চিকিৎসার চেয়ে ভারত যাওয়া অনেক সস্তা’

ভিডিওতে নীতিন রসিকতা করে বলেছেন, আমেরিকা থেকে ভারতে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসার একটি রাউন্ড ট্রিপ বিমানের টিকিট মাত্র ১,২০০ ডলার (প্রায় ১.১৪ লাখ টাকা)। ফলে মার্কিন মুলুকে অতিরিক্ত অর্থ খরচ করে চিকিৎসা করানোর চেয়ে বরং ভারতে চলে যাওয়া, সেখানে মনের সুখে ঘুরে বেড়ানো এবং দাঁতের সমস্ত চিকিৎসা সেরে আবার ফিরে আসা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে।

ইন্টারনেটে সমালোচনার ঝড়

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী লিখেছেন, “ভাই, এক মুহূর্তও দেরি না করে ভারতের ফ্লাইট ধরে নিন, এতে চিকিৎসা ও ঘোরাঘুরি দুটোই একসঙ্গে হয়ে যাবে।” অন্য এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, “আমেরিকায় দাঁতের চিকিৎসা করানো মানে আস্ত একটা বিলাসবহুল গাড়ি কেনার সমান!” সবমিলিয়ে এই ঘটনা উন্নত বিশ্বে আকাশছোঁয়া চিকিৎসাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *