১৬ বছরের সংসার ছারখার! পরকীয়া লুকিয়ে মদ্যপ স্বামীকে যেভাবে খুন করলেন স্ত্রী, ফাঁস ভয়ংকর তথ্য

উত্তরপ্রদেশের বুলন্দশহরে পরকীয়া সম্পর্কের জেরে এক ব্যক্তির নৃশংস মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় গামছা পেঁচিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত গৃহবধূকে গ্রেপ্তার করেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কৃষ্ণ কুমার। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। ১৬ বছর আগে প্রীতি নামের ওই মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। দম্পতির সংসারে সবকিছু ঠিকঠাক চললেও সম্প্রতি প্রীতির একটি বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়। অভিযোগ, তিনি ঘণ্টার পর ঘণ্টা প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতেন। স্ত্রীর এই অস্বাভাবিক আচরণে সন্দেহ দানা বাঁধে কৃষ্তের মনে। কিছুদিন পর সেই পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য প্রীতিকে বারবার চাপ দিতেন কৃষ্ণ। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় প্রতিদিনই অশান্তি হতো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, স্বামীকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন প্রীতি।
গত সোমবার রাতের ঘটনায় নতুন মোড় এসেছে। পরিকল্পনা মতো ওই রাতে কৃষ্ণকে মদ খাওয়ার জন্য টাকা দেন প্রীতি। গভীর রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন কৃষ্ণ। সেই সুযোগ কাজে লাগিয়ে স্বামীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করেন প্রীতি। ঘটনার সময় পাশের ঘরেই ঘুমিয়ে ছিলেন কৃষ্তের মা। ধস্তাধস্তির শব্দ শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুত্রবধূ প্রীতিকে হাতেনাতে ধরে ফেলেন।
পরিবারের দাবি, এই খুনের নেপথ্যে শুধু পরকীয়া নয়, ছিল বড় আর্থিক ফন্দিও। কৃষ্তের জমি বিক্রি করে সেই টাকা হাতিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন প্রীতি। ইতিমধ্যে কৃষ্তের কিছু জমিও বিক্রি করা হয়েছিল, যার জেরে পারিবারিক অশান্তি চরম আকার ধারণ করেছিল। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।