আমেরিকায় ২২ লক্ষ টাকার বিল, আর ভারতে মাত্র ৪৭ হাজার! মার্কিন স্বাস্থ্য ব্যবস্থার রূঢ় সত্য ফাঁস করলেন ভারতীয় যুবক

আমেরিকায় বসবাস, ডলারে আয় এবং এক ঝলমলে জীবনযাপন— প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় এই ‘আমেরিকান ড্রিম’-এর স্বপ্ন দেখেন। কিন্তু যখন আসল বিপদের সময় চিকিৎসা বা স্বাস্থ্য পরিষেবা নেওয়ার প্রশ্ন আসে, তখন সেই আমেরিকান স্বপ্নই অনেক সময় দুঃস্বপ্নে পরিণত হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক বিস্ফোরক ভিডিও ভাইরাল হয়েছে, যা ভারত ও আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার আকাশ-পাতাল ফারাক নিয়ে নতুন করে জোর বিতর্ক উসকে দিয়েছে। মার্কিন মুলুকে বসবাসকারী এক ভারতীয় যুবক ইউভান ইবাভেজের (Yuvaan Ibañez) হাড় হিম করা অভিজ্ঞতা শুনলে আপনার চোখও কপালে উঠবে।
আমেরিকায় সিেমে ব্যথা, তারপর ২২ লক্ষ টাকার বিল! ভাইরাল ভিডিওতে ইউভান তাঁর জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, একবার বাস্কেটবল খেলার সময় তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে চলাফেরাও দায় হয়ে পড়েছিল। কিন্তু অ্যাম্বুলেন্স ডাকার সাহস পাননি তিনি, কারণ আমেরিকায় অ্যাম্বুলেন্সের ভাড়াই হাজার হাজার ডলার! বাধ্য হয়ে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছন। সেখানে দীর্ঘ দেড় ঘণ্টা শুধু ফর্ম ফিলআপ ও কাগজপত্রের ধাক্কায় কাটার পর ডাক্তার দেখানোর সুযোগ পান। পরীক্ষার পর জানা যায়, তাঁর সামান্য হার্ট অ্যাটাক হয়েছিল।
তবে আসল ধাক্কাটি আসে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়। তাঁর কাছে টপ-লেভেল হেলথ ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও, যার জন্য তিনি প্রতি মাসে হাজার হাজার ডলার প্রিমিয়াম দেন, পকেট থেকে তাঁকে গুনতে হয় প্রায় ৭ হাজার ডলার (প্রায় ৬ লক্ষ ৬৭ হাজার টাকা)। সব মিলিয়ে চিকিৎসার খরচ দাঁড়ায় প্রায় ২৩,০০০ ডলার বা প্রায় ২২ লক্ষ টাকা!
এর বিপরীতে ভারতে চিকিৎসা মাত্র ৪৭ হাজার টাকায়! আমেরিকার এই নির্মম অভিজ্ঞতার ঠিক উল্টো ছবিটা তুলে ধরেছেন ইউভান। তিনি জানান, এর আগে ভারতেই যখন তিনি বেশ কয়েকবার অজ্ঞান হয়ে পড়েছিলেন, তখন পরিবার তাঁকে দ্রুত এক বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। সেখানে কোনো দীর্ঘ জট বা পেপারওয়ার্ক ছাড়াই সঙ্গে সঙ্গে প্রাইভেট রুম মিলে যায়। ইসিজি, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো সমস্ত বড় বড় পরীক্ষা মুহূর্তের মধ্যে করা হয়। ভারতের এই প্রিমিয়াম চিকিৎসার পুরো বিল এসে দাঁড়িয়েছিল মাত্র ৫০০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোটে ৪৭ হাজার টাকা!
আমেরিকা ছেড়ে এবার পাকাপাকিভাবে ভারতে ফেরার পরিকল্পনা: আমেরিকার এই ঠান্ডা, জটিল এবং আকাশছোঁয়া খরচের স্বাস্থ্য ব্যবস্থা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ইউভান। তাঁর মতে, আমেরিকার আবহাওয়া বা পরিকাঠামো যতই ভালো হোক না কেন, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষের পকেট ফাঁকা করে দেওয়ার জন্য যথেষ্ট। পুণের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের শিকড়যুক্ত এই যুবকের ভিডিওটি এখন নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং প্রবাসীদের মনে গভীর চিন্তার খোরাক জুগিয়েছে।