চলন্ত গাড়িতে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন! ৬ ঘণ্টা বন্দি রাখার পর যা করল ৩ যুবক

রাজধানী দিল্লিতে চলন্ত বাসে নৃশংস গণধর্ষণের রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটল বিহারের ঔরঙ্গাবাদে। দিনের আলোয় ফোন করে ডেকে নিয়ে গিয়ে বছর পনেরোর এক নাবালিকাকে চলন্ত গাড়ির মধ্যে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, দীর্ঘ ছ’ঘণ্টা ধরে নির্যাতিতাকে একটি ফাঁকা ঘরে বন্দি করে রাখার পর অবশেষে গ্রামের কাছাকাছি রাস্তায় ফেলে চম্পট দেয় অভিযুক্তরা।
কীভাবে ঘটেছিল এই ঘটনা? পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরের দিকে ওই কিশোরীকে ফোন করে ডেকে পাঠায় অভিযুক্তরা। পরিচিত হওয়ার সুবাদে এবং বারবার ফোন করায় মেয়েটি বাড়ি থেকে বের হতে বাধ্য হয়। আর ঠিক তখনই কুটুম্বা থানা এলাকার একটি গাড়ি এসে জোর করে তাকে তুলে নেয়। চলন্ত গাড়ির ভেতরেই তিনজন মিলে নাবালিকার ওপর নারকীয় অত্যাচার চালায়। প্রায় ছ’ঘণ্টা ধরে তাকে একটি নির্জন স্থানে বন্দি করে রাখার পর রাতের দিকে তাকে গ্রামের কাছে ফেলে পালিয়ে যায় তারা।
বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা সমস্ত ঘটনা পরিবারকে জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে প্রথমে মালি থানায় এবং পরে ঘটনাটি অন্য এলাকার হওয়ায় কুটুম্বা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশের দ্রুত পদক্ষেপ: ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। ঔরঙ্গাবাদের এসডিপিও আদিত্য কুমার জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ করে ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক তৃতীয় অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চলছে। পাশাপাশি, নির্যাতিতার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক এমন রোমহর্ষক ঘটনায় দেশজুড়ে নারী সুরক্ষা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।