বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিভ-ইন, এরপর ব্যক্তিগত ছবি ভাইরাল করতেই জালে টলি অভিনেতা!

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দু’বছর ধরে এক তরুণী অভিনেত্রীর সঙ্গে সহবাস এবং পরবর্তীতে তাঁর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক প্রাক্তন টেলিভিশন অভিনেতাকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের নাম শ্যামসুন্দর সাহা। বেলঘরিয়ার বাসিন্দা ওই যুবক একসময় ছোটপর্দায় অভিনয় করলেও পরবর্তীতে ব্যবসার সঙ্গে যুক্ত হন।
কীভাবে ফাঁস হল ঘটনা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী তরুণী নদিয়ার বাসিন্দা এবং তিনি মডেলিংয়ের পাশাপাশি সিরিয়ালে অভিনয় করতেন। অভিনয়ের সূত্রেই শ্যামসুন্দরের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব এবং পরবর্তীতে হরিদেবপুরের একটি ভাড়া বাড়িতে লিভ-ইন সম্পর্কে জড়ান তাঁরা। অভিযোগ, সেই সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে দিনের পর দিন শারীরিক সম্পর্ক বজায় রাখেন শ্যামসুন্দর।
কিন্তু পরবর্তীতে তরুণী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে অভিযুক্ত তা অস্বীকার করেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এখানেই শেষ নয়, এর পরেই ওই অভিনেত্রীর সঙ্গে তোলা বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও তথ্য তাঁর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মানসিকভাবে ভেঙে পড়ে শেষপর্যন্ত হরিদেবপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা।
গ্রেপ্তার অভিযুক্ত: পুলিশ অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্ত শ্যামসুন্দর গা-ঢাকা দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। হরিদেবপুর থানার পুলিশ প্রযুক্তির সাহায্য নিয়ে বেলঘরিয়া এলাকায় অভিযান চালায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এর আগেও এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক তরুণীর সঙ্গে প্রতারণার মতো গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে ধৃতকে জেরা করে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।