যাদবপুর কাণ্ডে আরও কড়া পদক্ষেপ! অশান্তির তদন্তে কমিটিতে যুক্ত হলেন আরও এক প্রাক্তন বিচারপতি

গত ১৯ ও ২০ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠন এবং এবিভিপি-র মধ্যে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ ও অশান্তির ঘটনায় তদন্ত প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃত কারণ এবং প্রেক্ষাপট খতিয়ে দেখতে গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিশনকে পুনর্গঠন করা হয়েছে, যেখানে যুক্ত করা হয়েছে আরও এক নতুন মুখ।
কমিটিতে কারা থাকছেন? বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চলা তিন সদস্যের ‘জুডিশিয়ারি এনকোয়ারি কমিশন’-এ নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন প্রাক্তন জেলা ও দায়রা বিচারপতি সমরেশ প্রসাদ চৌধুরী। ফলে এখন থেকে এই কমিটিতে দু’জন প্রাক্তন বিচারপতি একসঙ্গে তদন্তের তদারকি করবেন। কমিটির তৃতীয় সদস্য হিসেবে রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQAC-এর ডিরেক্টর অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায়। এছাড়া প্রেজেন্টিং অফিসার হিসেবে ড. সুমন্ত জানা এবং কমিশনের সচিব হিসেবে প্রণব কুমার হালদার দায়িত্ব পালন করছেন।
দেওয়াল লিখন ও গ্রাফিতি নিয়ে কড়া বার্তা: তদন্ত প্রক্রিয়ার পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতেও বড় পদক্ষেপ করেছেন উপাচার্য অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য। ক্যাম্পাসের দেওয়াল লিখন, পোস্টার এবং গ্রাফিতি নিয়ে নতুন নির্দেশিকা জারি করে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে হবে ঠিকই, তবে তা যেন বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও মর্যাদার পরিপন্থী না হয়। উস্কানিমূলক বা অবমাননাকর স্লোগান এড়াতে নির্দিষ্ট জায়গা ব্যবহারের আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক স্লোগান ও দেওয়াল সাফাই ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর চত্বর। একদিকে প্রশাসনের দেওয়াল মোছার পদক্ষেপ এবং অন্যদিকে ছাত্র সংগঠনের ‘টেক ব্যাক ইওর ওয়ালস’ কর্মসূচি ঘিরে চলা এই টানাপোড়েনের মাঝে নতুন বিচারবিভাগীয় তদন্ত কমিটি কী রিপোর্ট পেশ করে, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।