সাংবাদিকদের জন্য বিরাট উপহার! পেনশন দ্বিগুণ থেকে শুরু করে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই রাজ্যের সাংবাদিকদের জন্য একগুচ্ছ বড় ও ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে আয়োজিত বিশেষ কর্মসূচি থেকে সংবাদকর্মী ও গণমাধ্যম জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কল্যাণমূলক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

পেনশন বৃদ্ধি ও অ্যাক্রিডিটেশন কার্ডের কড়াকড়ি শিথিল:

দীর্ঘদিনের দাবি মেনে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন একলাফে দ্বিগুণ করা হয়েছে। এতদিন প্রবীণ সাংবাদিকরা মাসিক মাত্র ২,৫০০ টাকা করে পেনশন পেতেন, যা বাড়িয়ে এখন থেকে ৫,০০০ টাকা করা হলো। সবচেয়ে বড় কথা, এই সুবিধা পাওয়ার জন্য এতদিন শুধুমাত্র সরকারি অ্যাক্রিডিটেশন কার্ডের যে বাধ্যতামূলক শর্ত ছিল, তা তুলে নেওয়া হয়েছে। এর ফলে নিউজ ডেস্কে কর্মরত কিংবা অ্যাক্রিডিটেশন কার্ড না থাকা সত্ত্বেও যোগ্য ও প্রবীণ বহু সাংবাদিক এই পেনশনের আওতায় আসবেন। এছাড়া দুর্গাপুজো উপলক্ষে সাংবাদিক ভাতার ক্ষেত্রে কলকাতা ও জেলার সমস্ত বৈষম্য দূর করে আবেদনকারী সকলকেই ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

দেশজুড়ে ৩৮ হাজার হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যবিমার সুবিধা:

সাংবাদিক ও তাঁদের পরিবারের সুচিকিৎসার জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ এবং ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর ফলে রাজ্যের প্রায় ১,৯০০ হাসপাতাল সহ দেশজুড়ে ভেলোর, মুম্বই টাটা ক্যানসার হাসপাতাল, চণ্ডীগড় পিজিআই ও হায়দরাবাদের মতো নামী হাসপাতাল মিলিয়ে মোট ৩৮,০০০ বেসরকারি ও সরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন সাংবাদিক ও তাঁদের পরিবার।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন, সরকার ও দলের সমালোচনা সাধুবাদযোগ্য, তবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতা ক্ষুণ্ণ হয় এমন কোনো বিষয় বা ভাষা প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সরকারের এই অভাবনীয় পদক্ষেপে রাজ্যজুড়ে সংবাদমহলে স্বস্তি ও খুশির হাওয়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *