পুজোর আগে কি তবে আকাশছোঁয়া হবে বিমানভাড়া? এক ধাক্কায় ৬ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম!

মাস শুরুর প্রথম দিনেই সাধারণ মানুষ ও বিমান যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে ফের বাড়ল বিমান জ্বালানি বা জেট ফুয়েলের (ATF) দাম। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি এক ধাক্কায় অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম লিটারপিছু ৬.২৮ টাকা বাড়িয়ে দিয়েছে। এই লাগাতার মূল্যবৃদ্ধির ফলে নতুন দরে দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবার জন্য জেট ফুয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ১২১.২৮ টাকা, যা পূর্বে ছিল ১১৫ টাকা। অর্থাৎ এক লাফে প্রায় ৫.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিমান জ্বালানির খরচ।

চলতি বছরে পরপর দ্বিতীয় মাসের মতো বাড়ানো হলো ATF-এর দাম। এর আগে গত ১ অগস্টও লিটারপিছু ৫ টাকা বাড়ানো হয়েছিল এই জ্বালানির দাম। যদিও তার ঠিক আগে জুলাই মাসে কিছুটা স্বস্তি দিয়ে লিটারপিছু ৫ টাকা কমানো হয়েছিল। তবে বছরের শুরু থেকেই আরব দুনিয়ায় ভূ-রাজনৈতিক সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দামের উপর লাগাতার চাপ তৈরি হয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে দেশের অভ্যন্তরীণ বাজারেও।

সাধারণত ভারতে যে কোনো বিমান সংস্থার মোট পরিচালন খরচের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশই ব্যয় হয় এই জ্বালানির পেছনে। ফলে ATF-এর দাম লাগাতার বাড়তে থাকায় সরাসরি বড় ধরনের চাপ তৈরি হচ্ছে বিমান সংস্থাগুলির আর্থিক হিসাব-নিকাশে। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এই বাড়তি খরচের একটা বড় অংশ শেষ পর্যন্ত বিমান যাত্রীদের টিকিটের দামের উপর চাপাতে পারে সংস্থাগুলি। যদিও জেট ফুয়েলের দাম বাড়লেই যে সঙ্গে সঙ্গেই বিমানভাড়া আকাশছোঁয়া হয়ে যাবে, এমনটা নয়। টিকিটের দাম নির্ধারণের ক্ষেত্রে বিমানযাত্রার বর্তমান চাহিদা, বিভিন্ন সংস্থার মধ্যকার বাজার প্রতিযোগিতা এবং বিমানে ফাঁকা আসনের অনুপাতে ভাড়ার তারতম্য ঘটে। তা সত্ত্বেও জ্বালানির এই লাগাতার খরচ বৃদ্ধি যে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের বিমানযাত্রাকে আরও ব্যয়বহুল করে তুলবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

বিমান জ্বালানির পাশাপাশি মাসের প্রথম দিনে ধাক্কা এসেছে বাণিজ্যিক গ্যাসের বাজারেও। এ দিন ১৯ কেজি বিশিষ্ট বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৯.৫০ টাকা বাড়িয়ে ২,৭৩৮ টাকা থেকে বাড়িয়ে ২,৭৪৭.৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি ৫ কেজির বাজারদর নির্ধারিত এফটিএল (FTL) সিলিন্ডারের দামও ৭৬২ টাকা থেকে বাড়িয়ে ৭৬৪ টাকা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, এর আগে টানা দু’মাস বাণিজ্যিক LPG-র দাম কমানোর ফলে কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু সেপ্টেম্বরের শুরুতেই সেই স্বস্তি কাটিয়ে ফের চড়ে বসল গ্যাস ও জ্বালানির বাজার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *