রাস্তায় ময়লা ফেললেই পকেট ফাঁকা! ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে আসছে সবচেয়ে কড়া নিয়ম

রাজ্যকে সম্পূর্ণ দূষণমুক্ত এবং পরিচ্ছন্ন করে গড়ে তুলতে ১ সেপ্টেম্বর থেকে অত্যন্ত কঠোর পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। উত্তরকন্যায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। কাল থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে এই নতুন ও কড়া নিয়ম কার্যকর হতে চলেছে।
কী কী বিষয়ে জারি হচ্ছে জরিমানা? নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে রাস্তায় যত্রতত্র প্লাস্টিক বা যেকোনো ধরনের ময়লা-আবর্জনা ফেললে সরাসরি জরিমানার মুখে পড়তে হবে। শুধু তাই নয়, যেখানে-সেখানে পান বা গুটখার পিক ফেলা, থুতু ফেলা কিংবা প্রকাশ্য স্থানে অস্বাস্থ্যকর কাজ করার অভ্যাস থাকলে তার জন্যও গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা।
নাগরিকদের জন্য প্রশাসনের বার্তা: সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্যজুড়ে পর্যাপ্ত ডাস্টবিন বসানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে যেসব এলাকায় এখনও ডাস্টবিন বসানো সম্ভব হয়নি, সেখানকার নাগরিকদের নিজেদের কাছে ময়লা প্যাকেটে সংরক্ষণ করার অনুরোধ জানিয়েছে প্রশাসন। পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে সাধারণ মানুষ এই নিয়ম কতটা মেনে চলেন, এখন সেটাই দেখার বিষয়।