হিমালয় বাঁচাতে ভারত-চিন-পাকিস্তানকে এক হওয়ার ডাক! নেপাল বিপর্যয় নিয়ে গর্জে উঠলেন সদগুরু

নেপাল ও তিব্বত সীমান্তে ঘটে যাওয়া মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় এবং বিধ্বংসী হড়পা বানে চারদিক কার্যত তছনছ হয়ে গিয়েছে। নিখোঁজ হাজার হাজার মানুষ, আর শঙ্কা বহু মৃত্যুর। এই চরম বিপদের মুখেই কাঠমান্ডুতে আয়োজিত ‘ইন সলিডারিটি উইথ নেপাল’ অনুষ্ঠানে যোগ দেন আধ্যাত্মিক গুরু সদগুরু। বিপর্যয়ের পর এটিই ছিল তাঁর প্রথম প্রকাশ্য সভা। এই মঞ্চ থেকেই নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

পাহাড় কিন্তু মানুষের তৈরি কাঁটাতারের সীমানা কিংবা রাজনীতির ফারাক বোঝে না—এই বাস্তব সত্যিটা মনে করিয়ে দিয়ে সদগুরু বলেন, হিমালয়কে বাঁচাতে ভারত, চিন, পাকিস্তান, নেপাল ও ভুটান—এই পাঁচ প্রতিবেশীকে হাত মিলিয়ে একটি যৌথ ‘হিমালয়ান বোর্ড’ তৈরি করতে হবে। দেশগুলোর শাসনব্যবস্থা বা ভাষা আলাদা হতেই পারে, কিন্তু হিমালয় পাহাড় তো সকলের জন্যই এক। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষা করতে হলে যৌথভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

পাহাড়ের চূড়া থেকে প্রায় চার হাজার ফুট ওপর থেকে বিশাল বরফের চাঙড় ভেঙে পড়ার মতো এমন বিপর্যয় আগে থেকে আন্দাজ করা সম্ভব ছিল না বলেই জানান তিনি। আর এই বিশাল ধাক্কা নেপালের মতো একটি ছোট দেশের পক্ষে একা সামলানো অসম্ভব। উল্লেখ্য, এই হড়পা বানে নিখোঁজদের তালিকায় রয়েছেন ঈশা ফাউন্ডেশনের ‘কৈলাস যাত্রা’র ৭৭ জন পুণ্যার্থী, যাঁরা সীমান্তের জিরং ইমিগ্রেশন সেন্টারে ছিলেন। পাশাপাশি নেপাল সীমান্তে থাকা সংস্থার ৩ জন স্বেচ্ছাসেবীরও এখনও খোঁজ মেলেনি।

মঞ্চে উপস্থিত অভিনেত্রী মনীষা কৈরালা সদগুরুর কাছে জানতে চান, এই ধ্বংসলীলা থেকে আমাদের কী শিক্ষা নেওয়া উচিত? জবাবে সদগুরু বলেন, মানুষ যে মরণশীল এবং জীবন যে কত ক্ষণিকের, তা প্রতিটি মুহূর্তে মনে রাখা দরকার। এই বোধ থাকলে মানুষ অনেক বেশি দায়িত্বশীল হতে পারবে।

অনেকেই এমন প্রাকৃতিক দুর্যোগকে ‘ঈশ্বরের ইচ্ছা’ বলে ব্যাখ্যা করার চেষ্টা করলেও সেই ধারণাকে সোজাসুজি উড়িয়ে দিয়েছেন সদগুরু। তাঁর সাফ কথা, আধ্যাত্মিকতা আর প্রকৃতির বিজ্ঞান সম্পূর্ণ আলাদা। বিজ্ঞানের প্রাকৃতিক নিয়ম মেনেই এই বিপর্যয় ঘটেছে, তাই ভাগ্য বা ঈশ্বরের দোহাই দিয়ে বাস্তব যন্ত্রণাকে ছোট করা অনুচিত। এই বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তির জন্য আগামী ৩ সেপ্টেম্বর কোয়েম্বাটোরের ঈশা যোগ সেন্টারে ‘কাল ভৈরব কর্ম’ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *