‘মহাশক্তি নয়, মানবতার সেবাই আসল!’ কানাডার মাটিতে দাঁড়িয়ে বিশ্বগুরু ভারত নিয়ে কী বললেন মোহন ভাগবত?

“ভারত কখনও নিজেকে মহাশক্তি হিসেবে দেখতে চায়নি, বরং মানবতার সেবা করেই সে বিশ্বগুরু হয়েছে।” কানাডার টরন্টোয় আয়োজিত ‘হিন্দু বিশ্ব বন্ধু’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে এমনটাই স্পষ্ট বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অনুষ্ঠানে উঠে এল ভারতের প্রাচীন সভ্যতা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং ‘বসুধৈব কুটুম্বকম’-এর চিরন্তন আদর্শ।

কানাডার টরন্টোয় ‘HINDU VISHWA BANDHU: Embrace the World with Friendship’ নামক এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিল CHORD (Canadian Hindus for Outreach, Relations and Dialogue)। আয়োজকদের তথ্য অনুযায়ী, কানাডার দশটি প্রদেশ থেকে দুই হাজারের বেশি মানুষ এতে অংশ নেন। ১৭৫টিরও বেশি সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল বন্ধুত্ব, পারস্পরিক আলোচনা এবং সামাজিক দায়িত্ববোধকে সুদৃঢ় করা।

অনুষ্ঠানের প্রধান বক্তা মোহন ভাগবত তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের যে প্রান্তেই সঙ্কট তৈরি হোক না কেন, ভারতের কাছে সাহায্য চাওয়া হলে দেশ কখনোই মুখ ফিরিয়ে নেয়নি। এমনকী সাহায্য প্রার্থনা না করলেও ভারত নিজে থেকেই বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে। ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসনাধীন ভারতে জামনগরের মহারাজা পোল্যান্ডের শরণার্থীদের আশ্রয় দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। এটাই ভারতের বহুযুগের পরম্পরা ও আসল ডিএনএ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রাক্তন ফেডারেল ক্যাবিনেট মন্ত্রী জেসন কেনি এবং খালসা দিওয়ান সোসাইটির প্রতিনিধি কাশ্মীর সিং ধালিওয়ালের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। আয়োজক সংস্থা CHORD-এর মূল উদ্দেশ্য হলো কানাডার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মূলধারার সমাজের মেলবন্ধন সুদৃঢ় করা এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির সেতু তৈরি করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *