মুছে ফেলার কয়েক ঘণ্টার মধ্যে ফের যাদবপুরের দেওয়ালে বাম স্লোগান, তোপ দেগে কী বলল ABVP?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন এবং স্লোগান মোছা নিয়ে ফের চরমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সম্প্রতি বেশ কিছু বিতর্কিত স্লোগান মুছে দেওয়া হলেও, রাতের অন্ধকারে ফের সেই দেওয়ালের দখল নিলেন বাম ছাত্ররা। নতুন করে লেখা হলো কার্ল মার্ক্সের উক্তি এবং বিভিন্ন স্লোগান।

কয়েকদিন ধরেই দফায় দফায় অশান্ত রয়েছে যাদবপুর চত্বর। প্রথমে এবিভিপি এবং এসএফআই-এর মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরেই আসরে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ বা ‘কিষেনজি স্যালুট’-এর মতো স্লোগান কেন লেখা হবে, তা নিয়ে জোরালো প্রশ্ন তোলেন তিনি। এই বার্তার পরেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তড়িঘড়ি সাদা রং দিয়ে বেশ কিছু দেওয়াললিখন মুছে ফেলা হয়। যদিও প্রশাসনের দাবি, এটি তাদের কোনো রাজনৈতিক নির্দেশ নয়, বরং রুটিন সাফাইয়ের অঙ্গ মাত্র।

তবে এই পদক্ষেপের স্থায়ীত্ব হয়নি দীর্ঘ সময়। রাতের অন্ধকারে ফের যাদবপুরের দেওয়ালগুলো ভরে ওঠে নতুন স্লোগান ও গ্রাফিতিতে। আর এই ঘটনার পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গেরুয়া শিবির। এবিভিপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে জানানো হয়েছে, চরম বামপন্থী রাজনীতির মূল ভিত্তিই হলো হিংসা। স্লোগান লিখে বা ভয় দেখিয়ে যাদবপুরে নকশালপন্থী রাজনীতি আর টিকিয়ে রাখা যাবে না।

অন্যদিকে, এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েননি প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বিশ্বের দরবারে প্রত্যাখ্যাত এক ব্যর্থ দার্শনিককে মনে রাখার অদ্ভুত ক্ষমতা কেবল বাংলার বামপন্থীদেরই আছে। সবমিলিয়ে, স্লোগান মোছা এবং পুনরায় লিখে ফেলার এই টেনশনে ফের খবরের শিরোনামে চলে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *