“২ মিনিটের এই কাজ…”-না করলে LPG সিলিন্ডার বুক হবে না, জরুরি আপডেট

এলপিজি গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি ও বিপদের ঘণ্টা বেজে গেছে। যাঁরা এখনও পর্যন্ত গ্যাস কানেকশনে ই-কেওয়াইসি (e-KYC) আপডেট করেননি, তাঁদের জন্য সময়সীমা শেষ হতে চলেছে। গ্যাস কোম্পানিগুলির নির্দেশিকা অনুযায়ী, ই-কেওয়াইসি সম্পূর্ণ করার শেষ তারিখ ধার্য করা হয়েছে ৩১ আগস্ট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াটি না সারলে গ্যাস বুকিং থেকে শুরু করে ভর্তুকি পাওয়া নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।
ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি—তিনটি প্রধান রান্নার গ্যাস কোম্পানির গ্রাহকদের জন্যই এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে ১৬ আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও, গ্রাহকদের সুবিধার জন্য তা বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছিল। কোম্পানিগুলির স্পষ্ট বার্তা, নির্ধারিত ডেডলাইনের মধ্যে ই-কেওয়াইসি আপডেট করা না হলে গ্রাহকদের ঘরোয়া বা ডোমেস্টিক দামে গ্যাস সিলিন্ডার দেওয়া বন্ধ হতে পারে। যদিও কানেকশন সম্পূর্ণ বাতিল হবে না, তবে চড়া দামে সিলিন্ডার কেনার আশঙ্কা রয়েছে।
বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির একটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকটাই বেশি। তবে ই-কেওয়াইসি না করা হলে ১৪.২ কেজির সিলিন্ডার ঠিক কত দামে কিনতে হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা করেনি গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। তবে যাঁদের ভেরিফিকেশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের নতুন করে আর কোনো পদক্ষেপ করতে হবে না।
ঘরে বসে কীভাবে সারবেন ই-কেওয়াইসি?
-
ইন্ডিয়ান অয়েল: ইন্ডেন গ্রাহকরা মোবাইল অ্যাপ ‘IndianOil ONE’ ডাউনলোড করে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। এরপর আধার অথেনটিকেশন বেছে নিয়ে ‘FaceRD’ অ্যাপের সাহায্যে মুখ স্ক্যান করে সফলভাবে ই-কেওয়াইসি জমা দিতে পারেন। এছাড়া সরাসরি ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে বা ডেলিভারি কর্মীর সাহায্যও নেওয়া সম্ভব।
-
ভারত গ্যাস ও এইচপি গ্যাস: ভারত গ্যাস ব্যবহারকারীরা ‘হ্যালো বিপিসিএল’ অ্যাপ এবং এইচপি গ্যাস গ্রাহকরা ‘এইচপি পে’ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ঘরে বসে এই কাজ সেরে ফেলতে পারবেন।
প্রয়োজনীয় নথির মধ্যে কেবল রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং কাস্টমার আইডি বা এলপিজি আইডি হাতে রাখলেই এই কাজ নিমেষেই করা সম্ভব। শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আজই কাজটি সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে।