বিগ বস হাউসে মনামী! আর কোন কোন চেনা মুখ চমকে দিল দর্শকদের?

বহু অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠেছে বিগ বস বাংলা ২০২৬-এর। শো ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মনে কৌতুহল ছিল তুঙ্গে, আর তার সঙ্গে সঞ্চালনার দায়িত্বে সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় থাকায় উত্তেজনার পারদ চড়েছিল বহুগুণ। গত রবিবার রাত আটটায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই রিয়েলিটি শো, যেখানে সৌরভের হাত ধরে একে একে ঘরের ভেতর প্রবেশ করেন ১৫ জন প্রতিযোগী।

শুরু থেকেই জল্পনা ছিল অভিনেত্রী মনামী ঘোষকে নিয়ে। যদিও তিনি মুখে কুলুপ এঁটেছিলেন, তবে শো শুরুর দু-একদিন আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে তাঁর উপস্থিতি সব জল্পনায় জল ঢেলে দেয়। লাল পাড় সাদা শাড়িতে চেনা ছন্দে বিগ বস-এর ঘরে প্রথম প্রতিযোগী হিসেবে প্রবেশ করেন তিনি। তাঁর ঠিক পরেই ঘরের দরজা খোলে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ভরত কল এবং গায়ক দুর্নিবারের জন্য।

তবে রবিবারের রাতে সবচেয়ে বড় চমক ছিল প্রয়াত অভিনেতা তাপস পালের মেয়ে সোহিনীর উপস্থিতি। বহু বছর অভিনয় জগত থেকে দূরে থাকার পর আচমকাই তাঁকে এই মঞ্চে দেখে অবাক হন দর্শকরা। এছাড়াও তিন মাসের অতিথি হিসেবে এন্ট্রি নেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নিরঞ্জন ওরফে লাফটারসেন। একে একে প্রবেশ করেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং জলপাইগুড়ির ব্যবসায়ী তনুশ্রী রায় দাস। মঞ্চে এসেই সোজাসাপ্টা কথাবার্তায় সৌরভকে ‘উলালা’ গানের তালে নাচ বাধ্য করেন তনুশ্রী।

এই তালিকায় আরও রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, সায়ক চক্রবর্তী, ইনফ্লুয়েন্সার জয়িতা চট্টোপাধ্যায়, ঝিলাম গুপ্ত, সৃজলা গুহ, নন্দিনী দত্ত, সোনামণি সাহা এবং আলেকজান্দ্রা টেলর। এই পনেরো জন তারকাকে নিয়ে সোমবার থেকেই শুরু হয়ে গেছে বিগ বস-এর আসল খেলা। কে কার বন্ধু হবেন আর কে শত্রুতে পরিণত হবেন, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা। ইতিমধ্যেই বিছানা দখল নিয়ে ঘরের ভেতরে হালকা উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা জমজমাট বিনোদন উপহার দিতে চলেছে প্রতিদিন রাত সাড়ে নটার এপিসোডগুলিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *