ভয়াবহ আতঙ্ক শিয়ালদায়! ব্যস্ত সময়ে হুট করে ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর, মুহূর্তে দৌড়োদৌড়ি যাত্রীদের

সোমবার সকালে একপ্রস্থ চাঞ্চল্য ছড়াল শিয়ালদা স্টেশন চত্বরে। এদিন সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎই স্টেশন চত্বরের একটি ফুডপ্লাজা ও খাবারের দোকানগুলি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

শিয়ালদা রেলওয়ে প্রটেকশন ফোর্স বা আরপিএফ কন্ট্রোল রুমের তরফে আগুন লাগার এই খবর নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, শিয়ালদা নর্থ সেকশনের শেষ গেট দিয়ে বাইরে বেরোলেই যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, তার ঠিক পাশেই নতুন তৈরি হওয়া খাবারের দোকানগুলিতে এই ঘটনা ঘটে। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর এবং পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

প্রাথমিকভাবে বড় কোনো আগুনের শিখা দেখা না গেলেও, ঘন ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ফুডকোর্টের কাঁচের দেওয়াল ভেঙে ফেলেন দমকলকর্মীরা। এরপর সেই ভাঙা কাঁচের মধ্য দিয়েই ভেতরে প্রবেশ করে তল্লাশি ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। দমকলের প্রাথমিক অনুমান, আগুন নেভানোর নিজস্ব কোনো কার্যকর ব্যবস্থা ফুডকোর্টে কাজ করছিল না। কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ধোঁয়া বা আগুনের সূত্রপাত হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। ঠিক কী কারণে এই বিপত্তি ঘটল, তা তদন্ত করে দেখছে দমকল ও রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *