‘সব প্রমাণ ডিলিট করে ক্ষমা চান, না হলে জেলের ভাত!’ পডকাস্টের বিস্ফোরক মন্তব্যে তপ্ত বিনোদন দুনিয়া

‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেতা আসিম রিয়াজকে নিয়ে চলা বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভব্য সিং তাঁর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর এবং আপত্তিকর অভিযোগ তোলেন। আর তাতেই মেজাজ হারিয়ে কড়া আইনি পদক্ষেপ নিলেন অভিনেতা। ভব্য সিং এবং সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলটিকে একযোগে ৭২ ঘণ্টার একটি কড়া ‘সিজ অ্যান্ড ডিসিস্ট’ (Cease and Desist) লিগ্যাল নোটিস পাঠিয়েছেন তিনি।
পডকাস্টে ঠিক কী অভিযোগ তোলা হয়েছিল?
গত ২৬ আগস্ট ২০২৬ তারিখে প্রচারিত ওই পডকাস্টে ভব্য সিং দাবি করেছিলেন, তিনি কারো কাছে শুনেছেন যে আসিম নাকি মেজাজি এবং তিনি হাত তোলেন। এমনকি একটি হোটেলের লিফটের ভেতরে প্রাক্তন গার্লফ্রেন্ড হিমাংশি খুরানাকে ধাক্কা দেওয়া ও থাপ্পড় মারার কোনো সিসিটিভি ফুটেজ থাকার কথাও তোলেন তিনি। পাশাপাশি, দুবাইয়ে কোনো এক মেয়ের টাকায় তাঁর চলার মতো বিতর্কিত দাবিও করা হয়।
আইনি নোটিসে কী বলা হয়েছে?
আসিমের লিগ্যাল টিম ‘ফ্যালকন লিগাল’-এর আইনজীবী সুহীল শরিফ এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং মানহানিকর বলে উড়িয়ে দিয়েছেন। নোটিসে স্পষ্ট জানানো হয়েছে যে, এই ধরণের কোনো সিসিটিভি ফুজেটের অস্তিত্বই নেই। ভব্য নিজে পডকাস্টে “আমার মনে হয়” বা “গুঞ্জন শুনেছি” শব্দগুলি ব্যবহার করায় প্রমাণ হয়ে যায় যে তাঁর কাছে কোনো বাস্তব প্রমাণ ছিল না। এর ফলে কেবল ফায়দা তোলার জন্য একজন মানুষের সম্মানহানি করা হচ্ছে।
নোটিসে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ওই বিতর্কিত ভিডিও, রিলস ও ক্লিপস মুছে ফেলার এবং জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী ফৌজদারি মানহানির মামলা এবং আদালতে বড় অংকের ক্ষতিপূরণের মামলা করার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: সোশ্যাল মিডিয়ার গসিপ বা না জেনেই ভিত্তিহীন তথ্য ছড়ানোর প্রবণতার বিরুদ্ধে আইনি উপায়ে আসিমের এই কঠোর অবস্থান বিনোদন জগতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।