অভিষেকের অফিসের অশান্তির রেশ! প্রেসিডেন্সি জেলে গিয়েও বন্দি কর্মীদের সঙ্গে দেখা করতে পারলেন না শোভনদেব

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ের সাম্প্রতিক উত্তেজনার পর এবার প্রেসিডেন্সি জেল চত্বরে তৈরি হলো নতুন রাজনৈতিক জল্পনা। জেলবন্দি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়ে আজও খালি হাতেই ফিরতে হলো বর্ষীয়ান তৃণমূল নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। রবিবার ছুটির দিনের দোহাই দিয়ে তাঁকে জেলবন্দিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ।
প্রেসিডেন্সি জেলের বাইরে দীর্ঘ অপেক্ষা ও হতাশা
সূত্রের খবর, গত শনিবারই জেলবন্দি কর্মীদের সঙ্গে দেখা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে সেদিন জেল কর্তৃপক্ষের তরফ থেকে তাঁকে জানানো হয়েছিল যে সাক্ষাতের নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে। সেই কারণে ওই দিন তাঁর পক্ষে ভেতরে যাওয়া সম্ভব হয়নি।
এরপর সমস্যার সুরাহা করতে আজ, রবিবার সকালেই ফের জেল গেটে হাজির হন ‘কালীঘাট-তৃণমূল’-এর এই হেভিওয়েট নেতা। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, রবিবারে জেলের নিয়ম অনুযায়ী বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয়। ফলে পরপর দু’দিন চেষ্টা করেও দলের বন্দি কর্মীদের সঙ্গে দেখা করতে না পেরেই তাঁকে ফিরে আসতে হয়।
ক্যামাক স্ট্রিটের ওই অনভিপ্রেত ঘটনার পর জেলবন্দি কর্মীদের এই আইনি ও প্রশাসনিক জটিলতা এবং শোভনদেবের সাক্ষাতে বারবার বাধার সৃষ্টি হওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে।