চোখ ঘোরে ৩৬০ ডিগ্রি! ডানকুনিতে হাইওয়ের ধারের ঝোপ থেকে উদ্ধার বিরল প্রজাতির ক্যামিলিয়ন

চারপাশ ঘিরে ব্যস্ত জাতীয় সড়ক। তার ঠিক পাশের এক ঝোপের গাছ থেকে উদ্ধার হলো অত্যন্ত বিরল প্রজাতির এক ক্যামিলিয়ন বা বহুরুপী। ৩৬০ ডিগ্রি কোণে চোখ ঘোরানোর ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী নিমেষে শরীরের রং বদলে ফেলার জাদুকরী দক্ষতার এই প্রাণীটিকে ঘিরে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডানকুনি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আকডাঙা এলাকায়।

শনিবার সকালে স্থানীয় এক যুবক প্রথম ওই ঝোপের মধ্যে সরীসৃপটিকে দেখতে পান। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। পরে স্থানীয় বাসিন্দারা ও এক পশুপ্রেমী উদ্যোগী হয়ে প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করেন এবং ডানকুনি থানার পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে দ্রুত বন দফতরের কর্মীরা এসে ক্যামিলিয়নটিকে নিজেদের হেফাজতে নেন।

বিশেষজ্ঞরা কী বলছেন? পরিবেশবিদ ও পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং জানান, ক্যামিলিয়ন সাধারণত ভারতীয় উপমহাদেশের উষ্ণ ও আর্দ্র বনাঞ্চলের ঘন জঙ্গলে বসবাস করে। কীটপতঙ্গ ও অমেরুদণ্ডী প্রাণী খেয়ে এরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অত্যন্ত ধীরগতির এই প্রাণীগুলোর বেঁচে থাকা প্রকৃতির জন্য ভীষণ জরুরি। তবে জঙ্গল ছেড়ে এমন একটি বিরল প্রাণী কীভাবে হঠাৎ হাইওয়ের পাশে এসে পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ব্যস্ত এলাকায় এই বিলুপ্তপ্রায় প্রাণীর হঠাৎ দেখা মেলায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল যেমন তৈরি হয়েছে, তেমনই একে নিরাপদে উদ্ধার করতে পারায় স্বস্তিতে এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *