কলেজ পড়ুয়াদের জন্য দারুণ সুখবর! গবেষণায় আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ, এবার তৈরি হচ্ছে ‘বায়োটেক ল্যাব’

বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে কলেজ পড়ুয়াদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। আধুনিক বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং হাতে-কলমে গবেষণার পরিবেশ তৈরির লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যের ১৭টি কলেজে গঠিত হয়েছে ‘কলেজ বায়োটেক ক্লাব’। সম্প্রতি ত্রিপুরা বিধানসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন এই সাফল্যের কথা তুলে ধরেছেন।
উচ্চশিক্ষামন্ত্রী জানান, উচ্চশিক্ষায় গবেষণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বায়োটেক ক্লাবগুলির মাধ্যমে সেমিনার, কর্মশালা, বক্তৃতা, ল্যাবরেটরিভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রকল্পভিত্তিক বিভিন্ন কার্যক্রমে ছাত্রছাত্রীদের সরাসরি যুক্ত করা হচ্ছে। এছাড়াও ইলেকট্রনিক প্রযুক্তি, ডেস্কটপ পাবলিশিং এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের মতো কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার কাজ চলছে। স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য ই-জার্নাল ও গবেষণামূলক উপকরণের ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি, উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এবং আগরতলার এমবিবি কলেজে নতুন বিজ্ঞান ভবন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
পরিকাঠামো উন্নয়নে বিশাল বরাদ্দ:
সরকারি কলেজগুলির পরিকাঠামো আরও উন্নত করতে গত তিন অর্থবছরে প্রায় ৯০ কোটি টাকা খরচ করা হয়েছে। এর মধ্যে ৫টি নতুন ভবন, ৭টি অত্যাধুনিক গবেষণাগার, ১টি গ্রন্থাগার এবং ১৫টি কলেজে স্মার্ট শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে। আগামী অর্থবছরে আরও ৮টি সরকারি কলেজে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ত্রিপুরায় উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ৪১টি সরকারি কলেজ রয়েছে, যেখানে প্রায় প্রায় ৭০ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। সরকারের এই সুদূরপ্রসারী উদ্যোগে উপকৃত হচ্ছেন রাজ্যের সাধারণ ঘরের তরুণ প্রজন্ম।