নাশিক-মুম্বই হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা! চোখের সামনে বাবাকে পিষে দিল বেপরোয়া কন্টেনার, আহত তিন শিশু

ছুটির দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল নাশিক-মুম্বই হাইওয়ে। শনিবার বিকেলে হাইওয়ের ‘এইট মাইল’ এলাকায় একটি বেপরোয়া গতির কন্টেনার রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পরিবারের ওপর সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক ৪৬ বছর বয়সি বাবা এবং গুরুতর জখম হয়েছে তাঁর তিন অবুঝ সন্তান।
কীভাবে ঘটেছিল দুর্ঘটনা?
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম ভাগীরথ দেবরাম মাড়ে (৪৫)। শনিবার বিকেলে তিনি তাঁর তিন সন্তান— ময়ূর (১৬), শ্যাম (৬) এবং দেবযানী (৮)-কে সঙ্গে নিয়ে হাইওয়ের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি দ্রুতগামী কন্টেনার তাদের ধাক্কা মারে। ধাক্কা এতটাই জোরালো ছিল যে চারজন ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়দের তৎপরতায় ও সমাজসেবী সংস্থার অ্যাম্বুলেন্সের সাহায্যে আহতদের দ্রুত নাশিক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বাবা ভাগীরথ মাড়েকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর জহম অবস্থায় তিন শিশুর চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।
পুলিশের পদক্ষেপ ও ক্ষোভ:
দুর্ঘটনার পর পরই ঘাতক কন্টেনারের চালককে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনার পর থেকে ব্যস্ত নাশিক-মুম্বই হাইওয়েতে পথচারীদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রুটে ভারী যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। পুলিশ চালকদের সতর্ক হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।