“আর আদালতে যাব না, সোজা মানুষের পারমিশন নেব!” পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি মমতার

রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজ্যে সভার অনুমতি পাওয়া নিয়ে টানাপোড়েন কাটছেই না। ২১ জুলাইয়ের শহিদ দিবস হোক কিংবা তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস— দু’টি বড় কর্মসূচির জন্যই আদালতের দ্বারস্থ হতে হয়েছে কালীঘাট তৃণমূলকে। আর এই বিষয়টিতেই তীব্র ক্ষোভপ্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ থেকে তিনি সরাসরি পুলিশ ও রাজ্য সরকারকে নিশানা করেন।

আদালতে নয়, এবার সোজা জনতার দরবারে! এদিন প্রকাশ্য সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বারবার কেন আদালতের অনুমতি নিতে হবে এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করা হবে? এর পরেই প্রশাসনের উদ্দেশ্যে তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘পুলিশ অনুমতি না দিলে এবার আর আদালতে যাব না। মানুষের থেকে অনুমতি নেব এবং আমরা আমাদের কর্মসূচি করব। এটা মাথায় রাখবেন।’’

বিজেপি সরকারকে আক্রমণ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সভা করার অনুমতি না দেওয়া প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি কটাক্ষ করে বলেন, ‘‘আপনাদের অনুমতি চেয়েছি। আপনারা দেননি। কে কোথায় মিটিং করবে, এত ভয়! এতই যদি ভয় থাকে, তো জয় করলেন কোত্থেকে?’’

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পুলিশি অনুমতি না পাওয়ায় ২১ জুলাইয়ের সভা এবং পরবর্তীতে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস— উভয় ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের দারস্থ হতে হয়েছিল তৃণমূলের কালীঘাট শিবিরকে। আদালত নির্দিষ্ট সময় ও সমর্থক সংখ্যা বেঁধে দিয়ে সভার অনুমতি দিয়েছিল। তবে ভবিষ্যতে এই আইনি জটিলতার পথে না হেঁটে সরাসরি জনসমর্থনের ওপর ভরসা রাখার কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *