মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন খরাজ! নেপালের ভয়াবহ হড়পা বান থেকে বেঁচে কলকাতায় পা রেখে কী বললেন অভিনেতা?

সমস্ত উৎকণ্ঠা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিরাপদে ঘরের ছেলে ঘরে ফিরলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। স্ত্রী প্রতিভাকে সঙ্গে নিয়ে শুক্রবার কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। সম্প্রতি নেপালে শুটিং করতে গিয়ে হড়পা বান ও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে আটকে পড়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা। বিমানবন্দর থেকে বেরিয়েই গাড়িতে ওঠার আগে অনুরাগীদের উদ্দেশ্যে এক আবেগঘন ভিডিও বার্তা দেন খরাজ।
আতঙ্কের মুহূর্ত ও ঘরে ফেরার স্বস্তি
জানা গিয়েছে, বাংলাদেশের ছবি ‘শিকার’-এর শুটিংয়ের জন্যই নেপালের পোখরায় গিয়েছিলেন খরাজ মুখোপাধ্যায়। ঠিক সেই সময়ই রাসুয়া জেলা ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভোটেকোশী নদীতে নেমে আসে ভয়াবহ হড়পা বান। শত শত মানুষের মৃত্যু ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার জেরে তৈরি হয় চরম অনিশ্চয়তা। তবে সমস্ত প্রতিকূলতা ও জটিল পথ পেরিয়ে গোরক্ষপুর হয়ে শেষ পর্যন্ত ফ্লাইটে সস্ত্রীক নিরাপদে কলকাতায় পৌঁছান তিনি।
কলকাতায় নেমে অভিনেতা জানান, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রার্থনা এবং ভালোবাসাই তাঁকে সুস্থভাবে ফিরিয়ে এনেছে। খরাজ বলেন, “সকলেই চিন্তায় ছিলেন জানি। পোখরায় শুটিং করতে গিয়ে আটকে পড়েছিলাম। অনেক সমস্যা পেরিয়ে গোরক্ষপুর হয়ে ফাইনালি ফ্লাইট ধরে সবে ফিরলাম। আপনাদের ভালোবাসাই আমাকে সুরক্ষিতভাবে ফিরিয়ে এনেছে। সামনের দিনে আরও সুন্দর কাজ উপহার দেব।” উল্লেখ্য, খরাজের সঙ্গে নেপালে আটকে থাকা বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।