ক্যামাক স্ট্রিটে রণক্ষেত্র! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জোর করে সাইনবোর্ড নামাতে গিয়ে সিঁড়িতে গড়িয়ে পড়লেন ডেরেক!

কলকাতা পৌরসভা ও পুলিশের যৌথ অভিযানে উত্তাল হয়ে উঠল ক্যামাক স্ট্রিট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা সাইনবোর্ড বেআইনিভাবে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। এই হট্টগোলের মধ্যে পুলিশ ও দলের কর্মীদের ধস্তাধস্তিতে সিঁড়ি থেকে পড়ে যান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। গোটা ঘটনার ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় রাজ্য রাজনীতিতে চরম শোরগোল পড়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে সরাসরি ‘রাজনৈতিক প্রতিশোধ’ বলে তোপ দেগেছেন। তিনি অভিযোগ করেন, বিজেপিকে খুশি করার জন্যই পুলিশ এই বেআইনি পদক্ষেপ করেছে। এমনকি সাদা পোশাকে কিছু লোক পুলিশের পরিচয়ে এসে বিজেপির ক্যাডার হিসেবে কাজ করেছে বলেও চাঞ্চল্যকর দাবি করেন তিনি। অভিষেক স্পষ্ট ভাষায় জানান, “আপনারা তৃণমূলের সাংসদ ও বিধায়কদের দলে টানার চেষ্টা করছেন। এই সাইনবোর্ড সরানোর বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে গিয়েছি, শুক্রবার এর শুনানি রয়েছে। প্রয়োজনে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব।”

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডেরেক ও’ব্রায়েন বলেন, “বিকেল সাড়ে তিনটে নাগাদ কলকাতা পৌরসভা ও পুলিশ বাহিনী কোনো স্বাক্ষর ছাড়াই একটি ভুয়া ও বেআইনি নোটিশ নিয়ে আসে। আমরা দীর্ঘক্ষণ তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা জোর করে ১৫০ জনের বেশি পুলিশকর্মী নিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং আমাদের ধাক্কাধাক্কি করে।” ডেরেক আরও দাবি করেন, পরদিন তৃণমূলের ছাত্র সমাবেশ থাকায় চক্রান্ত করে এই হামলা চালানো হয়েছে এবং পুলিশ জোর করে ১০-১৫ জন কর্মীকে তুলে নিয়ে গেছে।

এদিকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন। ডেরেক ও’ব্রায়েনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, “বাংলায় পুলিশ কী করছে?” আদালতের দ্বারস্থ হওয়ার পর এখন শুক্রবারের শুনানির দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের শাসক শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *