নেপালের ভয়াবহ বিপর্যয়ে বাংলার কপালে চরম চিন্তা! নিখোঁজ ৩২ পর্যটক নিয়ে মুখ্যমন্ত্রী দিলেন বড় বার্তা

বন্ধুরাষ্ট্র নেপালে নেমে আসা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় এবং হড়পা বানের জেরে চরম উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নেপাল সরকারের পক্ষ থেকে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর মাঝেই ভয়াবহ তথ্য সামনে এল, যেখানে দেখা যাচ্ছে বাংলার অন্তত ৩২ জন পর্যটক এই মুহূর্তে নেপালে গিয়ে নিখোঁজ রয়েছেন। TV9 বাংলার এক মেগা কনক্লেভের মঞ্চে দাঁড়িয়ে নিজের বক্তব্য শুরু করার আগেই নেপালের এই মর্মান্তিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং নিখোঁজ পর্যটকদের পরিবারগুলির পাশে থাকার জোরালো বার্তা দেন।
কনক্লেভের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, “এখনও পর্যন্ত ৮০০ জন নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে ১৩৫ জন ভারতীয়। আমাদের বাংলা থেকেই ৩২ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। গতকাল সন্ধ্যায় কলকাতা পুলিশের নগরপাল আমাকে জানান যে একটি ট্যুরিজম অর্গানাইজেশনের মাধ্যমে তাঁরা সেখানে গিয়েছিলেন। পর্যটন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাঁদের থাকার শেল্টারটি হড়পা বানে সম্পূর্ণ ভেসে (ওয়াশড আউট) গিয়েছে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন।”
পরিস্থিতির ওপর নজর রাখতে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সরাসরি রাজ্য সচিবালয় এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল রুম পরিচালনা করছি। আমি ঈশ্বর ও ভগবানের কাছে প্রার্থনা করছি, আমাদের পর্যটকরা যেন সুস্থ শরীরে নিরাপদে ফিরে আসেন।” একই সঙ্গে এই কঠিন বিপদের দিনে বন্ধুরাষ্ট্র নেপালের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ২১ তারিখ বাংলার মোট ৩২ জন পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে নেপালে পাড়ি দিয়েছিলেন। বর্তমানে তাঁদের কারও সঙ্গেই ফোনে বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ভ্রমণ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বুধবারই ওই পর্যটকদের দলটির নেপাল-তিব্বত সীমান্ত পেরনোর কথা ছিল। সংস্থার আধিকারিক দিব্যজ্যোতি বসু জানিয়েছেন, গতকাল পর্যন্ত তাঁরা নেপাল সীমান্তের কাছাকাছিই ছিলেন, ঠিক তার পরেই সেখানে আকস্মিক হড়পা বান নেমে আসে এবং তারপর থেকেই তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। নিখোঁজ পর্যটকদের খোঁজে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে তৎপর রয়েছে রাজ্য প্রশাসন।