আশীর্বাদ আটা নিয়ে বড় স্বস্তি! লাইসেন্স বাতিল কাণ্ডে FSSAI-কে ধাক্কা দিয়ে যা জানাল দিল্লি হাইকোর্ট

দেশজুড়ে ভেজাল খাদ্যপণ্যের কারবার রুখতে যখন বিভিন্ন রাজ্য সরকার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলি কোমর বেঁধে নেমেছে, ঠিক তখনই আইটিসি (ITC Ltd)-র জনপ্রিয় পণ্য ‘আশীর্বাদ আটা’ নিয়ে বড়সড় স্বস্তি মিলল। আইটিসি-র ফুড লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করার সিদ্ধান্তের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে সংস্থাকে অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষা দেওয়া হয়েছে।
ঠিক কী নিয়ে শুরু হয়েছিল বিতর্ক?
আইটিসি লিমিটেডের তৈরি বহুল ব্যবহৃত ‘আশীর্বাদ এমপি চাক্কি আটা’র প্যাকেট নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলে দেশের খাদ্য সুরক্ষা এবং গুণমান যাচাইকারী শীর্ষ সংস্থা FSSAI (Food Safety and Standards Authority Of India)। নিয়ম অনুযায়ী প্যাকেটের গায়ে শতভাগ খাঁটি আটা থাকার দাবি করা হলেও, সংস্থার সেই দাবি সঠিক নয় বলে অভিযোগ তোলে এফএসএসএআই।
এই বিতর্কের জেরে আইটিসি-র ফুড লাইসেন্স বা খাদ্য লাইসেন্স বাতিলের জোরালো উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যায় সংস্থা। দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা এই বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ আটকে দিয়ে আইটিসিকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছেন।
আদালতের বিচার্য বিষয় ও আইনি লড়াই
শুনানি চলাকালীন আদালত জানিয়েছে, আইটিসি-র বিরুদ্ধে ওঠা এই মামলার শুনানির এক্তিয়ার দিল্লিতে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। অন্যদিকে, FSSAI-এর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে যেহেতু পুরো বিষয়টি প্রথম কলকাতা থেকে উত্থাপিত হয়েছে, তাই এই মামলায় দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপ করার কোনো আইনি এক্তিয়ার নেই। তবে সমস্ত দিক বিবেচনা করে পরবর্তী শুনানি পর্যন্ত আদালতের এই অন্তর্বর্তী রক্ষাকবচ আইটিসির জন্য বড় স্বস্তির খবর বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।