আকাশ থেকে ঝরে পড়বে জীবন্ত হাতি-ঘোড়া! ২০২৭ সাল নিয়ে এ কোন আজব ভবিষ্যৎবাণী করলেন ভারতীয় ‘বাবা’?

বিশ্বজুড়ে প্রতিদিন প্রলয়, যুদ্ধ কিংবা মহাজাগতিক নানা বিপর্যয়ের কত শত ভবিষ্যদ্বাণীই তো সামনে আসে। কিন্তু সম্প্রতি এক ভারতীয় ‘বাবা’ বা জ্যোতিষীর পডকাস্টের একটি ক্লিপ এমন এক কাণ্ড ঘটিয়েছে, যা শুনে কেউ হাসতে হাসতে পেটে খিল ধরেছেন, আবার কেউ ভাবছেন লোকটা কি আক্ষরিক অর্থেই দিভ্রান্ত!
ভাইরাল হওয়া সেই পডকাস্টের দাবি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি মাসে এমন এক অবিশ্বাস্য আবহাওয়া দেখা যাবে, যেখানে জলের বদলে আকাশ থেকে ঝরে পড়বে জীবন্ত হাতি এবং ঘোড়া! আর এই অদ্ভুত ও হাস্যকর দাবি ঘিরেই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে চরম ট্রোলের ঝড়।
পডকাস্টের এই ক্লিপটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্স ভেসে গেছে নেটিজেনদের হাসির খোরাকে। মিমাররা মাঠে নেমে পড়েছেন জমিয়ে: একজন লিখেছেন, “আকাশ থেকে হাতি পড়লে আমরা মাথা বাঁচাতে কোথায় ছাতা খুঁজব ভাই?” আরেকজনের ব্যঙ্গাত্মক মন্তব্য, “কী মজা, যদি ঘোড়া বৃষ্টি হয়, তবে তো বিনামূল্যে ঘরে চড়তে পারব!” অনেকেই আবার পেটে ব্যথা হয়ে যাওয়ার জোগাড়, কারণ এমন আজব কথা তাঁরা জীবনে শোনেননি। কেউ কেউ ভেবেছিলেন হয়তো এটি কোনও রূপক অর্থে বলা হয়েছে, কিন্তু পডকাস্টের কথা শুনে স্পষ্ট বোঝা গেছে ওই ‘বাবা’ একেবারে আক্ষরিক অর্থেই এমন অদ্ভুত কথা বলছেন।
বিজ্ঞান কী বলছে?
বিজ্ঞানের ভাষায় মাছ, ব্যাঙ, পোকা বা পাখির মতো ছোট ছোট জলচর বা ক্ষুদ্র প্রাণী বায়ুমণ্ডলের টানে আকাশ থেকে পড়ার ঘটনাকে ‘অ্যানিমাল রেইন’ বলা হয়। প্রবল ঘূর্ণিঝড় বা টর্নেডো যখন জলাশয় থেকে এজাতীয় ছোট প্রাণীদের উপরে টেনে নেয়, তখন তা অনেক দূরে বৃষ্টির মতো ঝরে পড়ে।
কিন্তু টন টন ওজনের হাতি বা বিশাল আকৃতির ঘোড়ার মতো স্তন্যপায়ী প্রাণী আকাশ থেকে পড়ার ঘটনা বৈজ্ঞানিক দিক থেকে সম্পূর্ণ অসম্ভব ও অবাস্তব! আর ঠিক এই কারণেই মানুষ বিষয়টিকে স্রেফ একটা জোক বা বিনোদনের খোরাক হিসেবে লুফে নিয়েছে। প্রলয় বা ধ্বংসের আশঙ্কায় যেখানে মানুষের বুক কাঁপার কথা, সেখানে এই আজব হাতি-ঘোড়ার বৃষ্টি সকলকে হাসাতে বাধ্য করেছে।
ভারতে আজকাল পডকাস্ট, জ্যোতিষী আর নানা স্বঘোষিত ‘বাবা’দের রমরমা বাজার। গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখিয়ে জলবায়ু পরিবর্তন কিংবা দুর্যোগ নিয়ে আজব ভবিষ্যৎ বলে দেওয়া এখন ট্রেন্ড। ২০২৭ সালের জানুয়ারি মাস নিয়ে যখন একদিকে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের বাস্তবসম্মত সতর্কবার্তা দিচ্ছেন, ঠিক তখনই পডকাস্টের এই কাল্পনিক ‘প্রাণী বৃষ্টি’র গল্প সমাজমাধ্যমে নিমেষেই ভাইরাল হয়ে গেছে। অ্যালগরিদমের কৃপায় এই ধরনের শক ভ্যালু ক্লিপ চোখের পলকে ট্রেন্ডিংয়ে চলে আসে, আর দর্শকরাও বিনোদনের খোরাক পেয়ে তা দেদার শেয়ার করতে শুরু করেন।