নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কাঁপবে বাংলা! কোন কোন জেলায় জারি হলো ভারী বৃষ্টির সতর্কতা?

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি শক্তিশালী নিম্নচাপ অঞ্চল এবং তার সঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে ফের একবার আবহাওয়ার বড় বদল ঘটতে চলেছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই জোড়া ফলার জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার মধ্যে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও আবহাওয়া খারাপ থাকার শঙ্কা করা হচ্ছে।
আজ, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ কিছুটা বেশি থাকতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার নাগাদ বৃষ্টির পূর্বাভাস কিছুটা কমলেও, শুক্র ও শনিবার থেকে ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে। বিশেষ করে রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টির তাণ্ডব চলতে পারে। উইকেন্ডে অর্থাৎ শনি ও রবিবারে উত্তরবঙ্গে বৃষ্টির স্পিড আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
মৌসুমী অক্ষরেখা বর্তমানে দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং ঝাড়খণ্ডে অবস্থানরত নিম্নচাপের কারণে আবহাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে। রাজ্য থেকে বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি, আর এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকায় আবহাওয়া বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরের উত্তর অংশে ঝোড়ো হাওয়া বইছে, যার গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর ফলে সমুদ্র অত্যন্ত উত্তাল রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের সমস্ত মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।