চোখের নিমেষে ডিভাইডার টপকে সোজা ধাক্কা এসইউভিতে! আইটিও-র ভয়াবহ দুর্ঘটনায় জখম দুই বিধায়ক

রাজধানী দিল্লির আইটিও এলাকায় রবিবার রাতে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির গাড়ি ডিভাইডার টপকে সোজা গিয়ে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি এসইউভি (Innova)-তে। এই আকস্মিক সংঘর্ষে দুই রাজ্যের বিধায়ক সহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লির আইটিও এলাকায় পুরোনো পুলিশ হেডকোয়ার্টারের কাছে পিডব্লিউডি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। লক্ষ্মী নগর থেকে আইটির দিকে যাওয়া একটি সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডার ও রেলিং ভেঙে সোজা উলটো দিকের লেনে চলে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ইনোভা গাড়িকে সজোরে ধাক্কা মারে সেটি।

দুর্ঘটনার কবলে পড়া সুইফট গাড়িটি চালাচ্ছিলেন ৩২ বছরের আশুতোষ পাণ্ডে নামের এক ব্যক্তি। গাড়িতে তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তানও ছিল। অন্যদিকে, ধাক্কা খাওয়া ইনোভা গাড়িটিতে বসেছিলেন কিরারি বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক অনিল ঝা এবং কর্ণাটকের এক বিধায়ক অভয় পাতিল।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আইপি এস্টেট থানার পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই এই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, সৌভাগ্যবশত ঘটনায় যুক্ত প্রত্যেকেই বর্তমানে বিপদমুক্ত ও সুস্থ রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে ব্যস্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *