মুকুট উঠল কেরলের ১৯ বছরের তরুণীর মাথায়! ভারতের নতুন মিস ইউনিভার্স কে জানেন?

সৌন্দর্য প্রতিযোগিতার দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফাইনালে ৫২ জন জাতীয় প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর মুকুট জয় করে নিলেন কেরলের ১৯ বছরের তরুণী কাজিয়া লিজ মেজো (Kaziah Liz Mejo)। একই সঙ্গে আইন বিভাগের এই মেধাবী ছাত্রী ও মডেল এখন প্রস্তুতি নিচ্ছেন বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য। এবারের প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিশেষভাবে স্মরণীয় হয়ে উঠেছে ভারতীয় পেজেন্ট ইন্ডাস্ট্রির দুই প্রজন্মের আইকনদের উপস্থিতিতে। বিচারকের আসনে উপস্থিত ছিলেন ১৯৯৪ সালে ভারতের হয়ে প্রথম মিস ইউনিভার্স খেতাব জয়ী সুস্মিতা সেন এবং মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫ খেতাব জয়ী উর্বশী রাউতেলা। এছাড়া বিচারক প্যানেলে ছিলেন সেলেনা জেটলি সহ বিনোদন জগতের আরও বহু পরিচিত মুখ। দুই প্রবীণ সুন্দরীর সামনে সেরার মুকুট পরে আবেগপ্রবণ হয়ে পড়েন কাজিয়া। মূলত কেরলের মাভেলিক্কারার বাসিন্দা কাজিয়া। ছোটবেলায় আবুধাবিতে বেড়ে ওঠা এই তরুণী ক্লাসিক্যাল নাচে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি মডেলিং ও পড়াশোনা চালিয়ে গেছেন। এর আগে ২০২৫ সালে জয়পুরেই অনুষ্ঠিত ‘মিস Teen ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। এরপর ‘মিস ইউনিভার্স কেরালা ২০২৬’ খেতাব জিতে সোজা জাতীয় স্তরে নিজের জায়গা পাকা করেন কাজিয়া। মুকুট জয়ের পর উচ্ছ্বসিত কাজিয়া জানান, দেশের দুই কিংবদন্তির হাত ধরে এই যাত্রা শুরু করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। ভারতের ঐতিহ্য ও আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে চলা ৭৫তম মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে এখন খুশির হাওয়া দেশজুড়ে।