রান্নাঘরে রক্তগঙ্গা! গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টা বাধা দিতেই ছুরি-কাঁচি নিয়ে হামলা, চলন্ত ট্রেন থেকে পাকড়াও রাঁধুনি

ইএম বাইপাসেরধারে একটি বিলাসবহুল আবাসনে গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠল সেই বাড়িতেই কর্মরত এক রাঁধুনির বিরুদ্ধে। বাধা দেওয়ায় রান্নাঘরের ছুরি ও কাঁচি দিয়ে নির্যাতিতার ওপর নৃশংস হামলা চালিয়ে চম্পট দেয় অভিযুক্ত। শেষপর্যন্ত রাজ্য পুলিশের যৌথ অভিযানে দুর্গাপুরে চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল তিনটে নাগাদ ইএম বাইপাসের কাছে অবস্থিত একটি আবাসিক কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সম্প্রতি ওই ফ্ল্যাটে রান্নার কাজের জন্য যোগ দিয়েছিলেন ৩২ বছর বয়সি এক মহিলা। ঘটনার দিন ফ্ল্যাটে তিনি একাই ছিলেন। সেই সুযোগেই তাঁর ওপর চড়াও হয় সমবয়সি অভিযুক্ত রাঁধুনি মন্টু কুমার। মহিলা চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলে রান্নাঘরে থাকা ধারালো ছুরি ও কাঁচি দিয়ে তাঁর ওপর এলোপাথাড়ি হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় ওই গৃহকর্মীকে দ্রুত উদ্ধার করে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এদিকে ঘটনার পরেই ফ্ল্যাট ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। খবর পাওয়ার পরই তৎপর হয় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। রেল পুলিশের সহযোগিতায় শুরু হয় জোর তল্লাশি। অবশেষে রবিবার গভীর রাতে দুর্গাপুরগামী একটি চলন্ত ট্রেন থেকে কলকাতা পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যৌথ দল অভিযুক্ত মন্টুকে হাতেনাতে ধরে ফেলে। রাতেই তাকে কলকাতায় নিয়ে আসা হয় এবং সোমবার আদালতে পেশ করা হয়েছে। এই নৃশংস ঘটনায় আবাসনের অন্দরে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।