নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগের কালো মেঘ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতেই সোমবার ও মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে জারি হয়েছে বিশেষ সতর্কতা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যেখানে বৃষ্টির পরিমাণ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়াও। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি জায়গায় ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টির এই রেশ বজায় থাকবে। ২৫ অগাস্ট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার জেরে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় খোলা জায়গায় বা দুর্বল কাঠামোর নিচে না থাকার আর্জি জানানো হয়েছে। জরুরি কাজে বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখার পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *