চিনা সেনার উস্কানির মাঝেই বেজিং পাড়ি অজিত ডোভালের! সীমান্ত জট কাটাতে কি বড় কোনো বার্তা দিতে চলেছে ভারত?

দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিতর্ক মেটাতে এবং নিয়ন্ত্রণরেখায় (LAC) স্থায়ী শান্তি ফেরাতে ফের উচ্চপর্যায়ের বৈঠকে বসছে ভারত ও চিন। আগামী সোমবার বেজিং সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। মঙ্গলবার সেখানে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুই দেশের সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে গঠিত ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ বা বিশেষ প্রতিনিধি কাঠামোর আওতায় এটি হতে চলেছে ২৫তম দফার আলোচনা। ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ ভারত-চিন সীমান্তে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৩ সালে এই বিশেষ প্রতিনিধি আলোচনা প্রক্রিয়াটি শুরু হয়েছিল। যদিও অতীতে বহু আলোচনার পরেও এখনও পর্যন্ত সীমান্ত বিতর্কের কোনও স্থায়ী সমাধান সূত্র মেলেনি, তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক উত্তাপ কমাতে এবং যোগাযোগের পথ খোলা রাখতে এই বৈঠক অত্যন্ত প্রভাবশলী ভূমিকা নিতে পারে।
ডোভালের এই চিন সফর এমন এক সময়ে হতে চলেছে, যখন আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে বসতে চলেছে ‘ব্রিকস’ (BRICS) শীর্ষ সম্মেলনের আসর। এই সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশ নেওয়ার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, কূটনৈতিক মহলের ধারণা তিনি দিল্লি আসতে পারেন। জিনপিং ভারতে এলে সম্মেলনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর একটি পৃথক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই বৈঠকের পটভূমি প্রস্তুত করতেই ডোভালের এই বেজিং সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ডোভালের বেজিং রওনা হওয়ার ঠিক আগেই সীমান্ত সংঘাত ও দুই দেশের সার্বিক সম্পর্ক নিয়ে অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি এলাকায় চিনা সেনার গতিবিধি নতুন করে বাড়ার খবর সামনে আসার পরই জয়শঙ্করের এই মন্তব্য বিশেষ গুরুত্ব অর্জন করেছে।