ওনাম ও রাখিতে বাড়ি ফেরা কি তবে শিকেয়? আকাশছোঁয়া বিমানভাড়ায় পকেট ফাঁকা মধ্যবিত্তের

ওনাম, রাখি এবং জন্মাষ্টমীর মতো একগুচ্ছ উৎসবের মরসুমে লাফিয়ে লাফিয়ে বাড়ল বিমানভাড়া। ছুটির দিনে বাড়ি ফেরা কিংবা বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ায় দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে বিমানের টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তের টিকিটের দাম স্বাভাবিকের তুলনায় প্রায় তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যান বলছে, চেন্নাই, বেঙ্গালুরু এবং মুম্বই থেকে কেরলের বিভিন্ন গন্তব্যের বিমানভাড়া বর্তমানে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশেষ করে চেন্নাই থেকে কোচি হয়ে কান্নুর যাওয়ার একমুখী টিকিটের দাম ২১ হাজার টাকা ছাড়িয়েছে। শুধু তাই নয়, আমদাবাদ থেকে গোয়া রুটের বিমানের টিকিটের দাম ১৮ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ায় তা চমকে দিয়েছে যাত্রীদের। এমনকি, এই অভ্যন্তরীণ রুটের ভাড়া অনেক ক্ষেত্রে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানের টিকিটের দামকেও ছাপিয়ে গেছে। শেষ মুহূর্তের এই মূল্যবৃদ্ধির জেরে ঘোর বিপাকে পড়েছেন সাধারণ মধ্যবিত্ত যাত্রীরা।